কুড়িগ্রাম ও নীলফামারীতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। কুড়িগ্রামের উলিপুর উপজেলায় গতকাল রোববার বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। কুড়িগ্রামে বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে নদীভাঙন তীব্র হয়েছে। বন্যার পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশু হলো উলিপুরের সাহেবের আলগা ইউনিয়নের শুকারুর চরের আবুল কাশেমের মেয়ে আলমিনা (৪) ও বেলাল হোসেনের মেয়ে বিউটি বেগম (সাড়ে চার বছর)। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কুড়িগ্রামে বন্যাদুর্গত হাজারো মানুষের দুর্ভোগ কমেনি। কোনো কোনো এলাকায় ডায়রিয়া, আমাশয়সহ পানিবাহিত বিভিন্ন রোগ দেখা দিয়েছে। পানি কমায় বিভিন্ন স্থানে ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমোর নদের ব্যাপক ভাঙন শুরু হয়েছে। নদীভাঙনে গত তিন দিনে জেলায় ১৭৫টি পরিবার ভিটেমাটি হারিয়েছে। ভারপ্রাপ্ত সিভিল সার্জন আমিনুল ইসলাম জানান, দুর্গত এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৮৫টি চিকিৎসা দল কাজ করছে। জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নতুন করে ভাঙন দেখা দিয়েছে। নীলফামারীতে পরিস্থিতির উন্নতি হওয়ায় বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নেওয়া মানুষ বাড়ি ফিরে যাচ্ছে। পাউবো ডালিয়া বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মাঈন উদ্দিন মণ্ডল জানান, রোববার তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।ডিমলার খগাখরিবাড়ি ইউপির চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, রোববার বন্যা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে।