কুড়িগ্রাম ও বগুড়ায় নতুন নতুন এলাকা প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম ও বগুড়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত তিন দিনে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। ডুবে গেছে কয়েক হাজার বিঘা জমির আমন ও সবজির খেত। ঘরবাড়ি ছাড়তে হয়েছে অনেককে।এদিকে বৃষ্টি ও পাহাড়ি ঢলে যমুনা, ব্রহ্মপুত্রসহ উত্তরাঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুন ও ব্রহ্মপুত্রের পানি। ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর।কুড়িগ্রাম: কুড়িগ্রামে প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে তিন শতাধিক চর প্লাবিত হয়ে পড়েছে। এসব চরের বাড়িঘরে এখন চালসমান পানি। বন্যার কারণে তিন শতাধিক সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় আড়াই লাখ মানুষ। কয়েক হাজার হেক্টর জমির আমন ধান তলিয়ে গেছে। ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র অববাহিকার ৪০টি ইউনিয়ন বন্যাকবলিত হয়ে পড়েছে। ঘরবাড়ি প্লাবিত হওয়ায় সদর উপজেলার যাত্রাপুর, উলিপুরের হাতিয়া ও অনন্তপুর ইউনিয়নের প্রায় দুই হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পার্শ্ববর্তী রাস্তা, উঁচু ভিটায়, স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রে আশ্রয় নিয়েছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, গতকাল বুধবার ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলা নদীর পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ও দুধকুমারের পানি বেড়ে বিপৎসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে।উলিপুর (কুড়িগ্রাম): উপজেলার চারটি ইউনিয়নের চর, দ্বীপচরসহ ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যাকবলিত গ্রামের এক হাজারেরও বেশি পরিবারের লোক পানিবন্দী হয়ে পড়েছে।গতকাল উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া অনন্তপুর গ্রামে গেলে ওই গ্রামের বাসিন্দা আবদুল ওহাব ও তৈয়ব আলী জানান, তাঁদের ঘরের ভেতর পানি ওঠায় রান্নার কাজে অসুবিধা হচ্ছে। চর অনন্তপুর গ্রামের ফজলু শেখ বলেন, ‘দুই হাজার টাকা দিয়ে চারা কিনে জমিতে লাগিয়েছিলাম। আকস্মিক বন্যায় তা ডুবে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েছি।’ এ ছাড়া চর বাগুয়া, গুজিমারী, গাবুরজান ও রামখানা এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসান আবদুর রহিম জানান, তাঁর ইউনিয়নের ১০টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। হাতিয়া ইউপির চেয়ারম্যান আবুল হোসেন জানান, ব্রহ্মপুত্রের পানি বাড়ায় নুতন নুতন গ্রাম প্লাবিত হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, আকস্মিক বন্যায় চার হাজার ১২৬ হেক্টরের রোপা আমন, ৭০ হেক্টরের বাদাম, ২৩ হেক্টরের শাকসবজি এবং ১৭ হেক্টরের পটোল ও চীনাবাদামের খেত তলিয়ে গেছে।বগুড়া: গতকাল পর্যন্ত সারিয়াকান্দি উপজেলার ৫০টি গ্রামে বন্যার পানি ঢুকে পড়েছে। ভেলাবাড়ির ছাইহাটা, বাঁশহাটা, জোড়গাছা, ফুলবাড়ীর চররামনগর, রামনগর, রামচন্দ্রপুর, কাটাখালি, ছাগলধরা, নারচির চরহরিণা, গোদাগাড়ি, ভেড়ামারা ও কুপতলা গ্রামের অধিকাংশ বাড়িঘরে পানি উঠে গেছে। ডুবে গেছে এলাকার সব ফসলের খেত। বন্যাকবলিত লক্ষাধিক মানুষ এখন চরম দুর্ভোগ ও কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে বন্যার্তদের সহায়তায় ৪০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু গতকাল পর্যন্ত তা বিতরণ হয়নি।উপজেলার ৩০টি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ১০টি মাধ্যমিক, দুটি মাদ্রাসা ও একটি কলেজে বন্যার পানি ঢুকে পড়ায় শিক্ষা কার্যক্রম আপাতত বন্ধ আছে।পাউবো বগুড়া কার্যালয় সূত্রে জানা যায়, যমুনার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধুনট (বগুড়া): উপজেলায় যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। উপজেলার চিকাশি ইউনিয়নের গুলাড়তাইড়, জোড়শিমুল, গজারিয়া, ছোট চিকাশি, ছোনপচা ও মোহনপুর খাটিয়ামারি, গজারিয়া, ভালুকাতলা, বড়িয়া, হোটিয়ারপাড়া, ঝিনাই, চাপড়া, পারলক্ষ্মীপুর গ্রামের মাঠে উঠতি রোপা আমন, টমেটো, মরিচসহ বিভিন্ন ফসলের খেত তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে এসব গ্রামের কয়েক হাজার মানুষ। এ ছাড়া বন্যার পানিতে ভেসে গেলে শত শত পুকুরের মাছ।জোড়শিমুল গ্রামের কৃষক কফিল উদ্দিন বলেন, ‘অনেক কষ্টে চার বিঘা জমিতে আমন চাষ করেছিলাম। প্রতি বিঘা জমিতে প্রায় তিন হাজার টাকা খরচ হয়েছে। অসময়ের বন্যায় সব শেষ হয়ে গেল।’ পানি ওঠায় সাতটি বিদ্যালয় মঙ্গলবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।