কুড়িগ্রাম ও বগুড়ায় শীতে শিশুসহ চারজনের মৃত্যু
কুড়িগ্রাম ও বগুড়ায় গতকাল বুধবার শীতজনিত রোগে দুই নবজাতকসহ চারজন মারা গেছে। প্রচণ্ড শীতে কুড়িগ্রাম জেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশা আর কনকনে হাওয়ায় কাহিল হয়ে পড়েছে হতদরিদ্র মানুষ। শীতজনিত রোগে গতকাল কুড়িগ্রাম সদর হাসপাতালে তিনজন মারা গেছে। এরা হলো: উলিপুরের ফারুকের মেয়ে বেবী (দুই দিন), নাগেশ্বরীর সহিদুলের ছেলে বাবু (এক দিন) ও কুড়িগ্রাম সদরের রহিমা বেওয়া (৫৫)। চলতি মৌসুমে এ নিয়ে জেলায় ঠান্ডাজনিত রোগে মৃতের সংখ্যা দাঁড়াল ২৩ জনে। এর মধ্যে শিশুই ১৬টি। সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, হাসপাতালের সব চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা ক্রমে বাড়ছে। শীতের কারণে হাঁপানি, শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। বগুড়ার আদমদীঘিতে শীত বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি-কাশিসহ নানা রোগ। সন্ধ্যার পর শহর হয়ে পড়ছে জনশূন্য। প্রচণ্ড শীতে অসুস্থ হয়ে গতকাল উপজেলার দমদমা গ্রামে নজরুল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তি মারা গেছেন।