কুড়িগ্রাম ও লালমনিরহাটে সিপিবির সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে।
উপেন্দ্রনাথ রায়কে সভাপতি ও নূর মোহাম্মদ আনছারকে সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট সিপিবির কুড়িগ্রাম জেলা কমিটি ও ময়েজুল ইসলামকে সভাপতি ও রফিকুল ইসলামকে সম্পাদক করে ১২ সদস্যবিশিষ্ট লালমনিরহাট জেলা কমিটি গঠন করা হয়।
কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন ব্রিটিশবিরোধী আন্দোলনের কর্মী ইন্দুভূষণ রায়। সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান। বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা শাহীন রহমান, অনিরুদ্ধ দাস, জেলা কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ আনছার, সিপিবির নেতা আক্তারুল ইসলাম, রাজেন্দ্র নাথ রায়, উপেন্দ্রনাথ রায় প্রমুখ। পরে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুড়িগ্রাম মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে কুড়িগ্রাম মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল শুরু হয়। জেলা সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য রাজেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে ওই কাউন্সিলে সর্বসম্মতিক্রমে উপেন্দ্রনাথ রায়কে সভাপতি ও নূর মোহাম্মদ আনছারকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট সিপিবির কুড়িগ্রাম জেলা কমিটি গঠন করা হয়।
এদিকে লালমনিরহাট শহরের মিশন মোড় চত্বরে সিপিবির ওই সম্মেলন হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন ভাষা আন্দোলনের সৈনিক শামসুল হক। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য আজহারুল ইসলাম, মিহির ঘোষ ও গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য শওকত হোসেন আহমেদ। স্থানীয় ব্যক্তিদের মধ্যে বক্তব্য দেন সিপিবির জেলা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নিরঞ্জন কুমার সিংহ, জেলা ছাত্র ইউনিয়নের সম্পাদক সুমন সরকার, লালমনিরহাট জেলা উদীচীর সভাপতি ময়েজুল ইসলাম প্রমুখ।
সম্মেলনের প্রথম পর্ব শেষে বেলা দুইটার দিকে শহরের মিশন মোড় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় হাঁড়িভাঙ্গার ওভা কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে বেলা সাড়ে তিনটায় ওভা মিলনায়তনে কাউন্সিল শুরু হয়। সেখানে সন্ধ্যা সাতটার দিকে ময়েজুল ইসলামকে সভাপতি ও রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যবিশিষ্ট চার বছর মেয়াদি সিপিবির জেলা কমিটি ঘোষণা করা হয়।