কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও তীব্র নদীভাঙন দেখা দিয়েছে। গত দুই দিনে তিন শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। ভাঙনের মুখে পড়েছে বিজিবির দুটি সীমান্ত ফাঁড়ি। সিরাজগঞ্জে যমুনা নদীর স্থায়ী তীর সংরক্ষণ প্রকল্পের আরও ৭০ মিটার এলাকা ও সদর থানা পুলিশের দুটি দ্বিতল আবাসিক ভবন বিলীন হয়ে গেছে।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তীব্র ভাঙনে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র তীর রক্ষা বাঁধের প্রায় আধা কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে যাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর মৌজা ও পাঁচগাছি ইউনিয়নের গারুহারা ও কদমতলা এলাকার দুই সহস্রাধিক পরিবারের পানিবন্দী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভাঙনের মুখে পড়েছে বিজিবির পাখিউড়া ও দইখাওয়া চর সীমান্ত ফাঁড়ি। ইতিমধ্যে পাখিউড়া সীমান্ত ফাঁড়ি সরিয়ে নেওয়া হয়েছে।নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জ বাজারের অর্ধেক ইতিমধ্যেই ভেঙে গেছে। ব্যবসায়ীরা দ্রুত তাঁদের প্রতিষ্ঠান সরিয়ে নিচ্ছেন। শত বছরের পুরোনো মসজিদটির অর্ধেক গত দুই দিনের ভাঙনে গঙ্গাধর নদে বিলীন হয়ে গেছে। উপজেলার নুনখাওয়া, নারায়ণপুর ও সাহেবের আলগায় প্রায় দেড় শতাধিক বাড়ি গত দুই দিনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল গফুর জানান, সোমবার রাতে তীব্র ভাঙনে ব্রহ্মপুত্র তীর রক্ষা বাঁধের আধা কিলোমিটার এলাকা বিলীন হয়ে গেছে। ভাঙনের আশঙ্কায় ১৫টি বাড়ি স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া ভগবতিপুর, ফারাজিপাড়া, পিপুলবাড়ী, আরাজি পিপুলবাড়ী, মুসল্লিরচরে প্রায় শতাধিক বাড়ি নদীগর্ভে চলে গেছে। এসব এলাকার মানুষ এখন আতঙ্কে রয়েছে। পাশের ঘোগাদহ ইউপির চেয়ারম্যান আবদুল মালেক সরকার জানান, ইউনিয়নের চর রসুলপুর, ব্রহ্মত্তর, খামার ও চর রাউলিয়ায় প্রায় ৫০টি বাড়ি নদীগর্ভে চলে গেছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী আবু তাহের জানান, গত ২৪ ঘণ্টায় ধরলা নদীর পানি বিপৎসীমার শূন্য দশমিক ৭৭ সেন্টিমিটার নিচ দিয়ে ও ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার শূন্য দশমিক ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাউবো কুড়িগ্রাম-উত্তরের নির্বাহী প্রকৌশলী এনায়েত উল্লাহ জানান, অনেক চেষ্টা করেও বাঁধটি রক্ষা করা গেল না। অন্যান্য এলাকার অবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।সিরাজগঞ্জে যমুনার পানি কিছুটা কমলেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মঙ্গলবার থেকে গতকাল বিকেল পর্যন্ত সিরাজগঞ্জ, কাজীপুর ও চৌহালী উপজেলার বিভিন্ন এলাকায় ভাঙনের শিকার হয়ে সরকারি ভবনসহ প্রায় শতাধিক বাড়িঘর বিলীন হয়েছে।পাউবোর সিরাজগঞ্জ কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে কাজীপুর উপজেলার যমুনা নদীর মাইজবাড়ী ইউনিয়নের বিলচতল এলাকার নদীর তীর সংরক্ষণ বাঁধের প্রায় ৭০ মিটার অংশ ধসে যায়। এর আগে ৬ জুলাই ৫০ মিটার ধসে গিয়েছিল। গত অর্থবছরে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ৫০০ মিটার তীর সংরক্ষণ বাঁধের নির্মাণকাজ করা হয়। এলাকাবাসী পাউবোকে বিষয়টি অবহিত করলেও প্রকল্পের বাকি অংশ রক্ষায় এখনো কাজ শুরু হয়নি।মাইজবাড়ী ইউপির চেয়ারম্যান তালুকদার জাহাঙ্গীর আলম জানান, নিম্নমানের কাজ করার কারণে এক বছর যেতে না যেতেই প্রকল্পের বিভিন্ন অংশ ধসে পড়েছে। এদিকে গত দুই দিনে চৌহালী উপজেলা সদরের থানা পুলিশের দুটি দ্বিতল আবাসিক কোয়ার্টার নদীগর্ভে বিলীন হয়েছে। আরও তিনটি আবাসিক ভবনসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা চেয়ারম্যানের বাসভবন হুমকির মুখে রয়েছে।কাজীপুরের ইউএনও সাফিউল ইসলাম জানান, নদীর মধ্যের চরে পানি বাধা পেয়ে তীর সংরক্ষণ বাঁধে আঘাত হানছে। সিরাজগঞ্জ পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী জুলফিকার নাইন জানান, বর্তমানে ধসে যাওয়া স্থানটি পানির নিচে চলে গেছে। এ কারণে বালুর বস্তা বা সিসি ব্লক ফেলা সম্ভব হচ্ছে না। পানি কমে যাওয়ার পর এগুলো মেরামত করা হবে।