কুড়িগ্রাম থেকে ট্রেনে সরাসরি ঢাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের মানুষ এখন ট্রেনে চড়ে সরাসরি ঢাকায় গিয়ে নামতে পারবে। এ জন্য গতকাল সোমবার রাতে একটি শাটল ট্রেন চালু করা হয়েছে। এই শাটল ট্রেনের দুটি বগি রংপুরের কাউনিয়া জংশনে গিয়ে আন্তনগর রংপুর এক্সপ্রেসের সঙ্গে যুক্ত হবে। ঢাকা-রংপুর রুটের একমাত্র ট্রেন এই রংপুর এক্সপ্রেস।

সোমবার রাত সাড়ে আটটায় এই শাটল ট্রেনের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাংসদ মো. জাফর আলী। উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি।

কুড়িগ্রাম স্টেশনমাস্টার আবদুল হামিদ বলেন, কুড়িগ্রাম-ঢাকা রুটে আন্তনগর শাটল ট্রেনটি কাউনিয়া রেলস্টেশনে গিয়ে রংপুর এক্সপ্রেসের সঙ্গে যুক্ত হবে। এই শাটল ট্রেনটি ৫০টি আসনের দুটি বগি রয়েছে। এর মধ্যে ১০টি এসি সিট ও ৪০টি নন-এসি সিট। শাটল ট্রেনটি প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কুড়িগ্রাম রেলস্টেশনে ঢুকে ৭টা ৪০ মিনিটে কাউনিয়া স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে। প্রথম দিনেই গতকাল তিনটি এসি ও ১৬টি নন-এসি সিটে ১৯ জন যাত্রী কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

ঢাকা-কুড়িগ্রাম রুটে ট্রেনের দাবিতে কুড়িগ্রামবাসী দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছিল। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ১৫ অক্টোবর কুড়িগ্রাম সফরে এসে কুড়িগ্রাম-ঢাকা রুটে আন্তনগর শাটল ট্রেন চালুর প্রতিশ্রুতি দেন। এই প্রতিশ্রুতি অনুযায়ী গতকাল শাটল ট্রেনটি চালু হয়।

শাটল ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পিছিয়ে পড়া এই জনপদের মানুষের জন্য দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি আজ কিছুটা বাস্তবায়ন হয়েছে। আশা করি, এ অঞ্চলের মানুষের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত সরাসরি কুড়িগ্রাম-ঢাকা রুটে ভাওয়াইয়া এক্সপ্রেস নামে একটি আন্তনগর ট্রেন চালু করবেন।

শাটল ট্রেনটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পৌরসভার মেয়র আবদুল জলিল, রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন কমিটির জেলা সভাপতি তাজুল ইসলাম, সহসভাপতি আবদুল কাদের, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ প্রমুখ।