রংপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে এক শিক্ষক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল মঙ্গলবার ভোরে কুড়িগ্রামের উলিপুর পৌরসভার রামদাসপাড়ার বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া শিক্ষকেরা হলেন উলিপুরের গুনাইগাছ আরিফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উলিপুর সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আনসারী এবং তাঁর স্ত্রী একই শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষক পারভিন আকতার। তাঁদের প্রশ্নপত্র ফাঁসের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ নিয়ে ওই মামলায় ১৭৬ জনকে গ্রেপ্তার দেখানো হলো।সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, নতুন করে দুজনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে দীর্ঘদিন থেমে থাকা প্রশ্নপত্র ফাঁসের মামলাটি আবার গতি ফিরে পেল।শিক্ষক দম্পতিকে গতকাল বিকেলে রংপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে সিআইডি পুলিশ। আদালত আজ বুধবার রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করে তাঁদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।প্রসঙ্গত, গত বছরের ৮ জুলাই রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বিনোদনকেন্দ্র ভিন্নজগতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ঘটনাস্থল থেকে ১৬৭ জন এবং পরে আরও সাতজনসহ ১৭৪ জনকে গ্রেপ্তার করা হয়। প্রথমে মামলাটি তদন্তের দায়িত্ব ছিল রংপুর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে। পরে গত ৮ ডিসেম্বর মামলাটি সিআইডির কাছে ন্যস্ত করা হয়।রংপুর সিআইডি পুলিশ সূত্র জানায়, প্রশ্নপত্র ফাঁসের মামলাটির দায়িত্ব পাওয়ার পর ঢাকার সিআইডির সদর দপ্তরে ১৪ ও ১৫ ফেব্রুয়ারি মামলার উল্লেখযোগ্য ৩৮ জন আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়।রংপুরে কর্মরত সিআইডি পুলিশের উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম জানান, প্রশ্নপত্র ফাঁসের আগের দিন গ্রেপ্তার হওয়া মূল আসামিদের সঙ্গে গতকাল গ্রেপ্তার হওয়া রফিকুল ইসলাম ও তাঁর স্ত্রী পারভিন আকতারের যোগাযোগ ছিল বেশি। বিষয়টি দীর্ঘদিন তদন্ত করে গতকাল তাঁদের গ্রেপ্তার করা হয়।সিআইডি কর্মকর্তা জানান, শিক্ষক দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।