কুড়িগ্রাম দিনভর বিদ্যুৎহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে কালবৈশাখীতে তিন শতাধিক ঘর পড়ে গেছে। গতকাল সোমবার সকাল আটটার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার ওপর দিয়ে এই ঝড় বয়ে যায়। এ সময় অসংখ্য গাছপালা উপড়ে পড়ে। এতে জেলায় গতকাল সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত বিদ্যুতের সরবরাহ বন্ধ থাকে।কুড়িগ্রাম বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী মো. রুবেল মিয়া জানান, ঝড়ে লালমনিরহাট গ্রিডলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুতের সরবরাহ বন্ধ ছিল।এলাকার লোকজন জানান, সকাল আটটার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে যায়। শুরু হয় ঝড়-বৃষ্টি। এ সময় আম কুড়াতে গিয়ে ঝড়ের কবলে পড়ে আহত হন আনোয়ারা (৩০), সরিষা বানু (২০) নামের দুই নারী। ঝড়ে অনেক ঘর পড়ে যায়। ঘোগাদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মালেক জানান, ইউনিয়নের প্রায় এলাকা লন্ডভন্ড হয়ে গেছে। ঝড়ে প্রথম আলো চর, রসুলপুর, সরকারপাড়া, ওয়াবদা বাঁধ এলাকায় দুই শতাধিক কাঁচা ঘর পড়ে গেছে। একই সময় ভোগডাঙ্গা ইউনিয়নের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এতে ইউনিয়নের ১৫০টি ঘর পড়ে যায়।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আবেদ হোসেন সকাল ১০টায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে এসে বলেন, দরিদ্র মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। দুই ইউনিয়নে ৩০০টি ঘরবাড়ি পড়ে গেছে।