কুড়িগ্রাম দুই দিনের বৃষ্টিতে কৃষকের স্বস্তি
কুড়িগ্রামে আশ্বিনের শুরুতেই গত শুক্র ও শনিবারের টানা বৃষ্টিতে কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ভাদ্রের তীব্র রোদে কৃষকদের খেতের আমনের চারা লাল হয়ে যাচ্ছিল, জমিতে ফাটল ধরেছিল। বৃষ্টি হওয়ায় এসব কৃষকের দুশ্চিন্তা কমেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্র জানায়, জেলায় চলতি বছর এক লাখ ১৯ হাজার ৫৫০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। ভাদ্রের মাঝামাঝি থেকে জেলায় বৃষ্টি না হওয়ায় কৃষকেরা বিপাকে পড়েন। কিন্তু গত দুই দিনে কুড়িগ্রামে ৮৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে কৃষকদের মনে স্বস্তি ফিরে আসে।গত রোববার সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের হরিশ্বর কালোয়া এবং যোত গোবরধন এলাকায় গিয়ে দেখা গেছে, দুই দিনের বৃষ্টিতে খেতের ধানগাছে সবুজ রং ধরা শুরু হয়েছে। কৃষক হাবিবুর রহমান বলেন, ‘আমন আবাদ বৃষ্টিনির্ভর এবং খরচ কম। সেই আবাদের সময় যদি ঝড়ি (বৃষ্টি) না হয় আবাদ হইবে। তবে কতক্ষণ মেশিন দিয়া পানি দিবেন। আর সবাইত আর কিনি পানি দিবার পারে না।’ কৃষক মিজানুর রহমান বলেন, ‘যে খরা গেল, তাতে ভয় পায়া গেছিলাম যে এবার আবাদ শ্যাষ। বৃষ্টি হওয়াতে খুব উপকার হইল।’ রাজারহাট উপজেলার উপোন চৌকি গ্রামে গিয়ে দেখা গেছে ধানগাছের হলুদ রং পরিবর্তন হয়ে গাড় সবুজ রং ধারণ করেছে। কৃষকেরা বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে জমিতে সার দিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুড়িগ্রামের উপপরিচালক অলক কুমার সরকার বলেন, খুব দুশ্চিন্তায় ছিলাম। বৃষ্টি হওয়াতে এখন কৃষকদের মতো আমিও স্বস্তিবোধ করছি।