দায়িত্বে অবহেলার অভিযোগে কুড়িগ্রামের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একটি কর্মশালা আয়োজনে নানা অসংগতি ও ত্রুটি থাকায় তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।গত বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষরিত এই বরখাস্তের আদেশ প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে ফ্যাক্সযোগে পাঠানো হয়। জেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, ১৭ জুন কুড়িগ্রাম টাউন হলে ‘শতভাগ ভর্তি, ঝরে পড়া রোধ ও প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন’ শীর্ষক উদ্বুদ্ধকরণ কর্মশালা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমিন। কর্মশালায় আশানুরূপ অভিভাবক ও স্কুল পরিচালনা কমিটির সদস্য উপস্থিত না থাকায় মন্ত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সূত্র আরও জানায়, একই দিনে জেলার নাগেশ্বরী এবং ১৮ জুন উলিপুর ও রৌমারী উপজেলায় এ ধরনের দুটি কর্মশালায় একই ধরনের অব্যবস্থাপনা দেখে মন্ত্রী ক্ষুব্ধ হন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান সাময়িক বরখাস্ত হওয়ার আদেশ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘আমি জ্ঞাতসারে কোনো অপরাধ করিনি।’