কুড়িগ্রাম-ফরিদপুরে ভাঙন কষ্টে কয়েক শ পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের রহিমা বেগমের (৪৩) বসতভিটা পর পর তিনবার দুধকুমোর নদের ভাঙনে বিলীন হয়েছে। এখন যেখানে আশ্রয় নিয়েছেন সেখানেও এগিয়ে আসছে গঙ্গাধর নদের ভাঙন। কোথায় যাবেন—এ চিন্তায় দিশেহারা এক ছেলে ও দুই মেয়ের জননী রহিমা। দিনমজুর স্বামী হাছেন আলী কয়েক বছর আগে নিরুদ্দেশ হয়ে গেছেন। সন্তানদের নিয়ে দারিদ্র্যর সঙ্গে সংগ্রাম করে কোনোমতে টিকে আছেন। তিনি বলেন, ‘বয়স হইছে আর পারি না বাহে। জীবনে ম্যালা কষ্ট করলাম। নদীর ভাঙন দেখতে দেখতে জীবনটা শ্যাষ হয়া গেইল।’ দুধকুমোরের তীরবর্তী শত শত পরিবারের অবস্থা রহিমা বেগমের মতোই। ভাঙনে বিপর্যস্ত এসব পরিবার। চোখের সামনে বসতভিটা, ফসলি জমি, রাস্তা, বিভিন্ন প্রতিষ্ঠান বিলীন হয়ে যাচ্ছে। স্থানীয়রা জানান, কয়েক দিন আগে নুনখাওয়া প্রাথমিক বিদ্যালয় ভেঙে গেছে। ভাঙনের মুখে পড়েছে নুনখাওয়া উচ্চবিদ্যালয়, ইউনিয়ন পরিষদ ভবন, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী দাখিল মাদ্রাসা ও নুনখাওয়া বাজার। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নেজাম উদ্দিন বলেন, ‘খুব খারাপ অবস্থায় আছি। সবাই আসে আর দেখে যায়, কোনো ব্যবস্থা নেয় না। আর মানুষ আমাকে গালমন্দ করে।’পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুড়িগ্রাম ইউনিট-২-এর নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন জানান, নুনখাওয়ার নদী ভাঙনের বিষয়ে জানিয়ে বহুবার ঊর্ধ্বতন কতৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কোনো বরাদ্দ মেলেনি। ফরিদপুর সদর ও চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীর ভাঙন প্রতিবছর যেন নিয়মে পরিণত হয়েছে। পাউবো ভাঙনের হাত থেকে রক্ষা করতে ৪৪ কোটি টাকা ব্যয়ে চরভদ্রাসনের হাজিগঞ্জ বাজার ও ১৭৬ কোটি টাকা ব্যয়ে ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের সাইনবোর্ড পর্যন্ত তীর বাঁধাইয়ের কাজ করছে। অথচ এই দুই অংশের মাঝামাঝি হাজিগঞ্জ থেকে সাইনবোর্ড পর্যন্ত দুই কিলোমিটার তীর বাঁধার কোনো উদ্যোগ নেই। এই দুই কিলোমিটারের মধ্যে পদ্মার তীরঘেঁষে জয়দেব সরকারের ডাঙ্গি, চর হোসেনপুর, বিন্দুপাড়া ও বেপারীডাঙ্গি নামের চারটি গ্রামে প্রায় এক হাজার পরিবার বসবাস করে। এর মধ্যে জয়দেব সরকারের ডাঙ্গি ও চর হোসেনপুরে বর্তমানে পদ্মার তীব্র ভাঙন শুরু হয়েছে। গত দুই দিনে বিলীন হয়ে গেছে খালাসীডাঙ্গি হতে ফকিরডাঙ্গি হয়ে বিমাল মাতুব্বরের বাড়ি পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক।গাজীরটেক ইউপি চেয়ারম্যান মো. ফজলুর রহমান বলেন, বিষয়টি নিয়ে তিনি স্থানীয় সাংসদ নিলুফার জাফরউল্লাহর সঙ্গে কথা বলেছেন। পাউবোর নির্বাহী প্রকৌশলীও গত মঙ্গলবার এ গ্রাম দুটির ভাঙন দেখে গেছেন। পাউবোর নির্বাহী প্রকৌশলী সর্দার সিরাজুল হক বলেন, এই দুই কিলোমিটার অংশে ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার জন্য একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সম্মতি পেলে প্রকল্প তৈরি করা হবে। তিনি বলেন, তবে এ ভাঙন রোধে জরুরি কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।