কুড়িগ্রাম লালমনিরহাটে ১৯ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম ও লালমনিরহাটে এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র দেওয়ার অভিযোগে কেন্দ্রসচিবসহ ১৯ জন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বুধবার এসএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের নেহাল উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয় উপকেন্দ্রের দুটি কক্ষের ৭৪ জন পরীক্ষার্থীকে ২০১১ সালের সিলেবাসের প্রশ্নপত্র দেওয়া হয়। কিন্তু তাদের মধ্যে ২০১১ সালের সিলেবাসের পরীক্ষার্থী ছিল মাত্র নয়জন। বাকিরা সবাই ২০১২ সালের সিলেবাসের পরীক্ষার্থী। পরে শিক্ষার্থীরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানালে তিনি একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত শেষে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় গত বৃহস্পতিবার রাতে কেন্দ্রসচিব আবদুর রহমান, সহকারী কেন্দ্রসচিব লুৎফর রহমান, আমজাদ হোসেন, হল সুপার কাজিম উদ্দিন, আবদুল মজিদ ও শিক্ষক খয়বর আলী, আবদুর রহমান, জাহেদুল ইসলাম, মিজানুর রহমান এবং অপর একজন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে কেন বিভাগীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না—এ মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হামিদুল হক জানান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকিরুল হাসানকে কেন্দ্রসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।একই অভিযোগে গত বৃহস্পতিবার রাতে রৌমারী এম আর উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের সচিবকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।সূত্র জানায়, বাংলা প্রথম পত্রের পরীক্ষায় ওই কেন্দ্রের একটি কক্ষের ১০২ জন পরীক্ষার্থীকে ২০১১ সালের সিলেবাসের প্রশ্নপত্র সরবরাহ করা হয়। কিন্তু তারা সবাই ছিল ২০১২ সালের সিলেবাসের পরীক্ষার্থী। পরে ইউএনও এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় কেন্দ্রের সচিব শহিদুল ইসলামকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।উপজেলা কৃষি কর্মকর্তা এখলাছ হোসেনকে ওই পরীক্ষা কেন্দ্রের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।এরই মধ্যে গতকাল শুক্রবার দিনাজপুর বোর্ডের একটি তদন্ত দল এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।এদিকে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়কেন্দ্রের একটি কক্ষে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় নতুন সিলেবাসের ৫০ জন পরীক্ষার্থীকে পুরোনো সিলেবাসের প্রশ্নপত্র দেওয়ায় সহকারী কেন্দ্রসচিবসহ আটজন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।সূত্র জানায়, গতকাল দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক খ ম রফিকুল ইসলামের নির্দেশে সহকারী কেন্দ্রসচিব মো. আবদুল কুদ্দুস মিয়া, সহকারী কেন্দ্রসচিবের সহকারী নগেন্দ্র নাথ রায় বণিক, সহকারী হল সুপার আবদুল জব্বার বসুনিয়া ও নুর আলমকে পরবর্তী সব পরীক্ষা গ্রহণের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। লালমনিরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরোজা বেগমকে সহকারী কেন্দ্রসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।এর আগে গত বুধবার হল সুপার তৈয়ব আলী, শিক্ষক সামছুন্নাহার, নাহিনুল ইসলাম ও নজরুল ইসলাম দেওয়ানকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।