কুড়িগ্রাম শহরে জলাবদ্ধতা চরম দুর্ভোগে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলাবদ্ধতায় কুড়িগ্রাম শহরের বেহাল দশা। মুখ্য বিচারিক হাকিম আদালতের সামনে থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো
জলাবদ্ধতায় কুড়িগ্রাম শহরের বেহাল দশা। মুখ্য বিচারিক হাকিম আদালতের সামনে থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো

বৃষ্টি হলেই কুড়িগ্রাম শহরের বিভিন্ন সড়ক, সরকারি কার্যালয়, আদালত ও বাসভবনে জলাবদ্ধতার সৃষ্টি হয়। কয়েক দিনের প্রচণ্ড রোদের পর গত বুধবার রাতের বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় ওই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন মানুষ। অপরিকল্পিত পয়োনিষ্কাশন-ব্যবস্থা ও ভবন নির্মাণের কারণে এ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দাসহ বিশিষ্টজনেরা।
সরেজমিনে গতকাল বৃহস্পতিবার সকালে দেখা যায়, জেলা প্রশাসকের কার্যালয়, তাঁর বাসভবন, মুখ্য বিচারিক হাকিম আদালত চত্বর, জজ কোর্ট চত্বর, জেলা আইনজীবী সমিতি চত্বর, পুলিশ লাইন, পুলিশ সুপারের কার্যালয়, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, স্টাফ কোয়ার্টার এলাকা, সদর হাসপাতাল রোড, ফায়ার সার্ভিস স্টেশন, ধরলা ক্লিনিক, কুড়িগ্রাম সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি বালিকা বিদ্যালয়, জেলা স্টেডিয়াম, সদর থানা কার্যালয়, আরডিআরএস, মজিদা কলেজ মাঠ, হাটিরপাড়, হাসপাতাল পাড়া, রৌমারী পাড়া, ভেলাকোপা, সওদাগর পাড়া, চামড়ার গোলা এলাকার রাস্তাঘাট পানির নিচে। সর্বত্র থইথই পানি আর পানি। পৌরবাসীর পাশাপাশি শহরের বিভিন্ন দপ্তরে সেবা নিতে আসা হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। তাঁদের হাঁটু পানি পেরিয়ে দপ্তরগুলোতে যেতে হচ্ছে।
নাগেশ্বরী উপজেলার ভিতরবন্ধ থেকে আসা মিজানুর রহমান বলেন, ‘আমি ডিসি অফিসে কাজে আসছি। রাস্তায় ও অফিস চত্বরে এক হাঁটুর ওপরে পানি। বাধ্য হয়ে রিকশা নিয়ে যেতে আসতে হলো। অনেকে ফিরে গেছে।’
এ ব্যাপারে দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির আহ্বায়ক সামিউল হক বলেন, ‘১৯৫০ সালে কুড়িগ্রাম শহর ধরলা নদীতে বিলীন হয়ে যায়। পুরোনো শহরে অফিস-আদালত, স্কুল-কলেজ সরিয়ে নেওয়া হয়। এরপর নতুন শহরে ৩০২ একর জমি অধিগ্রহণ করে মহকুমা প্রশাসকের কার্যালয়সহ অন্যান্য দপ্তর সরিয়ে আনা হয়। সেই সময় পৌরসভা ও মাঠের স্কুলের পেছন (হরিকেশ এলাকা) দিয়ে একটি নালা ছিল, বৃষ্টির পানি সেই দিক দিয়ে চলে যেত। বর্তমানে সেটি দখল হয়ে যাচ্ছে। এ কারণে একটু বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।’
প্রাক্তন শিক্ষক মো. শাহাবুদ্দি বলেন, ‘আগে শহরের ভেতরে ও বাইরে অনেক পুকুর, নালা ও ডোবা ছিল। সেগুলো ভরাট হয়ে গেছে। এ ছাড়া পৌরসভার পক্ষ থেকে অপরিকল্পিতভাবে পয়োনিষ্কাশন নালা তৈরি করা হয়েছে। এ কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।’
এ প্রসঙ্গে কুড়িগ্রাম পৌরসভার মেয়র আবদুল জলিল বলেন, ‘আমি সবে মাত্র দায়িত্ব নিয়েছি। দীর্ঘদিনের সৃষ্ট এ সমস্যা সমাধানে সময় লাগবে। পানি নিষ্কাশনের বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন করতে এক থেকে দুই বছর সময় লাগবে।’ তিনি দাবি করেন, আগের মেয়ররা পরিকল্পিত পয়োনিষ্কাশন-ব্যবস্থা চালু না করায় এ ভোগান্তির সৃষ্টি হয়েছে।
জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন বলেন, ‘শহরের গুরুত্বপূর্ণ সব অফিস, আদালত, হাসপাতাল, স্থাপনা, রাস্তাঘাট, সরকারি কোয়ার্টারসহ কয়েকটি পাড়া পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। কোথাও কোথাও হাঁটু পানি জমে আছে। পানি নিষ্কাশনের কোনো উদ্যোগ নেই। অথচ এসব দেখভালের দায়িত্ব পৌর কর্তৃপক্ষের। পয়োনিষ্কাশন-ব্যবস্থার অব্যবস্থাপনার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মেয়রকে উদ্যোগ নিতে বলেছি। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানানো হয়েছে।’