কুড়িগ্রাম সীমান্ত চন্দন কাঠ পাচারের নিরাপদ পথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় রাজ্যের বিশাল সীমান্ত রয়েছে। এই সীমান্ত মূল্যবান চন্দন কাঠ পাচারের নিরাপদ রুট হয়ে উঠেছে। বিজিবি, পুলিশ, গোয়েন্দা ও বন বিভাগ সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক চোরাকারবারি চক্র ভারতের ওই তিনটি রাজ্য থেকে গোপনে চন্দন কাঠ সংগ্রহ করে। এরপর তারা কাঠগুলো নিজস্ব চক্রের মাধ্যমে সীমান্ত পথে বাংলাদেশে পাঠায়। সীমান্ত থেকে সড়ক ও নৌপথে কুড়িগ্রামের ওপর দিয়ে এগুলো চট্টগ্রাম বন্দরে নেওয়া হয়। সেখান থেকে মালবাহী জাহাজে করে বিদেশে পাচার করা হয়। সীমান্ত থেকে বিদেশে নেওয়া পর্যন্ত চক্রের সঙ্গে জড়িত রয়েছে পুলিশ, বিজিবি, স্থানীয় প্রশাসন এবং বন বিভাগের একশ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারীসহ কিছু জনপ্রতিনিধি।গত ৭ মে কুড়িগ্রাম ২৭ বিজিবি ব্যাটালিয়ন নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জ গঙ্গাধর নদের সিজ মেম্বারের ঘাটে পানিতে ডুবিয়ে রাখা অবস্থায় প্রায় কোটি টাকা মূল্যের ১৮৩ টুকরা চন্দন কাঠ উদ্ধার করে। এর মধ্যে দুটি লটে প্রায় এক হাজার ঘনফুট কাঠ ছিল। পরে কাঠগুলো কুড়িগ্রাম কাস্টমে জমা দেওয়া হয়। এর আগে ২০০৭ সালের ২৯ জুলাই সেনাবাহিনী প্রথম কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ থেকে ৩৮৫ টুকরা চন্দন কাঠ উদ্ধার করে। চোরাকারবারিরা নানাভাবে তদবির করেও এ কাঠ ছাড়িয়ে নিতে পারেনি। শেষ পর্যন্ত এ ব্যাপারে মামলা হলে আদালত কাঠগুলো নিলামে তোলে। দেশের বিভিন্ন স্থান থেকে স্বনামধন্য অনেকে কুড়িগ্রামে এসে নিলামে অংশ নেন। পরিস্থিতি সামাল দিতে না পেরে আদালত ওই নিলাম বাতিল করেন এবং এরপর কাঠগুলো ঘোগাদহ ইউনিয়ন পরিষদের গুদামে রেখে দেওয়া হয়। ৩ মে রংপুর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে ওই কাঠগুলোর আবার নিলাম হয়। নিলামে সর্বোচ্চ ডাক ওঠে ৩০ লাখ ১০ হাজার টাকা। তবে ওই চন্দন কাঠের আনুমানিক মূল্য এক কোটি ৩০ লাখ টাকা। রংপুর বিভাগীয় বন কর্মকর্তা মো. আবুল কালাম বলেন, ‘নিয়মনীতি মেনেই নিলাম করা হয়েছে। তবে সর্বোচ্চ দরদাতার নাম এই মুহূর্তে বলা যাবে না। অনুমোদনের জন্য পাঠিয়েছি, এলে বলতে পারব। এ পথ দিয়ে কাঠ পাচার হচ্ছে কি না, তা জানি না। তবে সীমান্তে আমাদের কিছুই করার নেই।’কুড়িগ্রামের পুলিশ সুপার মাহাবুবুর রহমান বলেন, ‘কুড়িগ্রামে চন্দন কাঠ উদ্ধার হলেও কারা এর সঙ্গে জড়িত, এখন পর্যন্ত তা জানা যায়নি। পুলিশ এদের সঙ্গে কোনোভাবেই জড়িত নয়।’