কুড়িগ্রাম সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত থেকে গতকাল বুধবার ভোরে দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এই কিশোরেরা হলো: ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী ভোটহাট গ্রামের রুহুল আমিনের ছেলে বেলাল হোসেন (১৫) ও গ্যাদা মিয়ার ছেলে হাশেম আলী (১৩)।এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কড়া প্রতিবাদ জানিয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি ওই দুই কিশোরকে ফেরত দেওয়ার আহ্বানও জানায় তারা। গতকাল সন্ধ্যা সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ব্যাপারে কোনো সাড়া দেয়নি বিএসএফ। বিজিবি ও স্থানীয় বাসিন্দারা জানায়, গতকাল ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার সীমান্ত হয়ে ভারত থেকে গরু নিয়ে আসছিল বেলাল ও হাশেম। ভোর ছয়টার দিকে গরু নিয়ে তারা বাগভান্ডার সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত খুঁটি ৯৫৮-এর ১ এস-এর কাছে পৌঁছালে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ ১৮১ ব্যাটালিয়নের দুর্গানগর ক্যাম্পের সদস্যরা। বিজিবির বাগভান্ডার বিওপির কোম্পানি কমান্ডার মকবুল হোসেন জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বিএসএফ দুই কিশোরকে ভারতের দিনহাটা থানার পুলিশের কাছে সোপর্দ করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। তাদের ফেরত দিতে বিজিবির আহ্বানে এখন পর্যন্ত সাড়া দেয়নি বিএসএফ।