কুড়িগ্রাম ৩ আসনে উপনির্বাচনে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি নিয়ে আজ মঙ্গলবার এ আদেশ দেন। ফলে তফসিল অনুসারে আগামীকাল বুধবার ওই উপনির্বাচন অনুষ্ঠানে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।

গত ১১ মে জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম মাইদুল ইসলামের মৃত্যুতে ওই আসনটি শূন্য হয়। ঘোষিত তফসিল অনুসারে কুড়িগ্রাম-৩ (উলিপুর উপজেলা একটি ও চিলমারীর দুটি ইউনিয়ন বাদে) আসনে ২৫ জুলাই উপনির্বাচন হওয়ার কথা। এ অবস্থায় ১০ জুন নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের বাসিন্দা এস এম মোস্তাফিজুর রহমান ১৮ জুলাই রিটটি করেন। এতে ওই উপনির্বাচনের তফসিলের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছিল।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, সঙ্গে ছিলেন আইনজীবী শেখ জাহাঙ্গীর আলম। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন ও মাসুদ হাসান চৌধুরী।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, রিট আবেদনকারী কুড়িগ্রাম-৪ আসনের ভোটার। কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচনে রিট আবেদনকারী নিজে কোনো প্রার্থী নন। এ ছাড়া কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচনেও তাঁর ভোট দেওয়ার অধিকার ক্ষুণ্ন হচ্ছে না। ফলে আবেদনকারীর সংক্ষুব্ধ হওয়ার সুযোগ নেই। তফসিল ঘোষণার ৪৫ দিন পর আবেদনকারী রিটটি করেছেন। রিটের সারবত্তা না থাকায় আদালত তা সরাসরি খারিজ করে দিয়েছেন।

রিট আবেদনকারী পক্ষের ভাষ্য, ৩০ এপ্রিল সীমানা নির্ধারণসংক্রান্ত একটি গেজেট প্রকাশ করে ইসি। এতে চিলমারী উপজেলার চারটি ইউনিয়ন কুড়িগ্রাম-৪ আসনে অন্তর্ভুক্ত হবে। চার ইউনিয়ন হলো চিলমারী, রমনা, রানীগঞ্জ ও থানাহাট। চারটি ইউনিয়ন আগে কুড়িগ্রাম-৩ আসনে অন্তর্ভুক্ত ছিল। এরপর ওই উপনির্বাচনের জন্য ১০ জুন ঘোষিত তফসিলে বর্তমানে কুড়িগ্রাম-৪ আসনে অন্তর্ভুক্ত ওই চার ইউনিয়নের বাসিন্দাদের কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচনে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এটি সর্বশেষ সীমানা নির্ধারণসংক্রান্ত ইসির গেজেটের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে রিটটি করা হয়।

রিটে নির্বাচন কমিশনের ৩০ এপ্রিলের সীমানাসংক্রান্ত গেজেট কেন অনুসরণ করা হবে না এবং উপনির্বাচনের জন্য ঘোষিত তফসিল কেন আইনবহির্ভূত ঘোষণা হবে না, এই মর্মে রুল চাওয়া হয়েছে। রুল হলে তা বিচারাধীন থাকা অবস্থায় নির্বাচনের তফসিলের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও কুড়িগ্রামের জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তাসহ পাঁচজনকে রিটে বিবাদী করা হয়েছে।

জেলা নির্বাচন অফিস জানায়, কুড়িগ্রাম-৩ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস করা হলেও এই উপনির্বাচন দশম সংসদ নির্বাচনের নির্বাচনী সীমানা অনুযায়ী অনুষ্ঠিত হবে। পূর্ববর্তী সীমানা অনুযায়ী কুড়িগ্রাম-৩ আসনের বর্তমান ভোটার প্রায় ৩ লাখ ৬৬ হাজার ৮১১ জন।