কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম
কুড়িগ্রাম-৩ আসনে আজ বুধবার জাতীয় সংসদ উপনির্বাচনে ভোট নেওয়া হচ্ছে। সকাল নয়টা থেকে ভোট শুরু হয়েছে। বিকেল চারটা পর্যন্ত চলবে। এ আসনে দুজন প্রার্থী হলেন নৌকা মার্কার প্রার্থী আবদুল মতিন ও লাঙল মার্কার প্রার্থী আক্কাস আলী সরকার।
আসনের মোট ভোটার ৩ লাখ ৬৩ হাজার ৭৫ জন।
সকাল নয়টায় নির্বাচনী এলাকা দুর্গাপুর ইউনিয়নের অর্জুনদ্বারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, ভোটার উপস্থিতি কম। এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৪৬ জন। বুথ পাঁচটি। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, সকাল সাড়ে নয়টা পর্যন্ত এ কেন্দ্রে ভোট পড়েছে ২৩০টি।
ওই কেন্দ্রে থাকা নৌকা মার্কার প্রার্থী আবদুল মতিনের মেয়ে মাফরুহা মারফির বলেন, ‘ভালো ভোট হচ্ছে। শুরুতে ভোটার উপস্থিতি কম। পরে বাড়বে। আমরা সুষ্ঠু নির্বাচন আশা করি।’
পাঁচপীর বহুমুখী উচ্চবিদ্যালয়, পাঁচপীর ডিগ্রি কলেজ, উত্তর পান্ডুল গাবতলা টি হোসেন দ্বিমুখী দাখিল মাদ্রাসা কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটগ্রহণ শুরু হলেও ভোটারদের উপস্থিতি কম।
গোড়াই পাঁচপীর বহুমুখী উচ্চবিদ্যালয়ে কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৮২৪ জন। ৯টা ৪৫ মিনিটে সেখানে দেখা যায়, মোট ভোট পড়েছে ২৪টি। পাঁচপীর ডিগ্রি কলেজ কেন্দ্রে দেখা যায়, সেখানে ভোটার সংখ্যা কম। প্রিসাইডিং অফিসার নুরুল আমিন খান বলেন, এখানে ২ হাজার ২২১ ভোট রয়েছে। এক ঘণ্টায় ১৫ শতাংশ ভোট পড়েছে।
প্রত্যন্ত গ্রাম উত্তর পান্ডুল গাবতলা টি হোসেন দ্বিমুখী দাখিল মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মঞ্জুর রহমান বলেন, এখানে ভোট ৩ হাজার ৯০৭টি। ভোট পড়েছে ১০ শতাংশ মতো।
এর আগে গতকাল মঙ্গলবার কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে করা একটি রিট আবেদন সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট।
গত ১১ মে জাতীয় পার্টির সাংসদ এ কে এম মাইদুল ইসলামের মৃত্যুতে ওই আসন শূন্য হয়। ঘোষিত তফসিল অনুসারে কুড়িগ্রাম-৩ (উলিপুর উপজেলার একটি ও চিলমারীর দুটি ইউনিয়ন বাদে) আসনে ২৫ জুলাই উপনির্বাচন নিয়ে রিট হয়। ১০ জুন নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের বাসিন্দা এস এম মোস্তাফিজুর রহমান ১৮ জুলাই রিটটি করেন। এতে ওই উপনির্বাচনের তফসিলের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছিল।