কুড়িগ্রাম-৪ আসনে দুই কেন্দ্রে ভোট গ্রহণে বাধা কাটল
দশম জাতীয় সংসদের কুড়িগ্রাম-৪ আসনের দুটি কেন্দ্রে পুনঃ ভোট স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। গতকাল রোববার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নির্বাচন কমিশনের করা আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
নির্বাচন কমিশনের আইনজীবী তৌহিদুল ইসলাম পরে জানান, এই আদেশের ফলে ওই দুই কেন্দ্রে ভোট গ্রহণে বাধা কাটল।
কুড়িগ্রাম-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী জাকের হোসেনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ১৫ জানুয়ারি হাইকোর্ট (নির্বাচনী ট্রাইব্যুনাল) ওই দুই কেন্দ্রের ভোট গ্রহণের ওপর চার সপ্তাহের স্থগিতাদেশ দেন। এ আদেশ স্থগিত চেয়ে নির্বাচন কমিশন আপিল বিভাগে আবেদন করে। গতকাল এ আবেদনের শুনানি হয়।
নির্বাচন কমিশনের পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও তৌহিদুল ইসলাম। ওই আসনে জাতীয় পার্টির (জেপি) প্রার্থী রুহুল আমিনের পক্ষে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও মোস্তাফিজুর রহমান খান। ৫ জানুয়ারি অনুষ্ঠিত বাকি কেন্দ্রগুলোর বেসরকারি ফলে এগিয়ে আছেন রুহুল আমিন।