প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি এবং নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় ছয় জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। কেবল কুড়িগ্রামেই পানিবন্দী হয়ে পড়েছে ছয় লাখের বেশি মানুষ। প্লাবিত এলাকায় মানুষের কষ্ট আরও বেড়েছে।
কুড়িগ্রামের মতো জামালপুর, সিরাজগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী ও গাইবান্ধায় গতকাল বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নদীভাঙনও অব্যাহত রয়েছে। বন্যার পানিতে ডুবে এবং ডুবে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে তিন শিশুসহ মারা গেছে পাঁচজন। নীলফামারীতে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র গতকাল বলেছে, আগামী ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীগুলোর পানি বাড়তে পারে। তবে কমতে পারে সুরমা নদীর পানি।
প্রথম আলোর ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুড়িগ্রামপানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র বলেছে, জেলায় ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বিপৎসীমার ৯৯ সেন্টিমিটার ও ধরলা নদীর পানি বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা, দুধকুমারসহ অন্যান্য নদীর পানিও বেড়েছে। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যার পানিতে ডুবে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের নারু মিয়া (১৫) এবং রাজীবপুরের নয়াচর মধ্যপাড়া গ্রামের কৃষক
আনোয়ার হোসেন (৩৫) মারা গেছেন।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, নয় উপজেলায় পানিবন্দী হয়েছেন ছয় লাখের বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৫০ কিলোমিটার কাঁচা-পাকা সড়ক ও ৪০ কিলোমিটার নদ-নদীর তীর রক্ষা বাঁধ। বন্ধ করে দেওয়া হয়েছে দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান।
পদ্মার পানি ৬ সেন্টিমিটার বেড়ে যাওয়ায় ফরিদপুরের সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলার ১১টি ইউনিয়নে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ১৫ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিবপদ দে বলেন, এ তিন উপজেলার ৩২টি স্কুল পানিতে ডুবে গেছে। গতকাল ২৮টি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বেশির ভাগ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যাতায়াতে সমস্যা হচ্ছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরাদুল হক গতকাল চরভদ্রাসনের ৩৬টি পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল এবং ডাল, তেল ও মোমবাতি বিতরণ করেন।
যমুনার পানি বাড়তে থাকায় জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ উপজেলার ৪৮টি ইউনিয়নসহ ইসলামপুর ও দেওয়ানগঞ্জ পৌরসভা বন্যাকবলিত হয়ে পড়েছে। পানিতে ডুবে ইসলামপুরের সাপধরী ইউনিয়নের কাঁসারুডোবা গ্রামে সাবিনা আক্তার (৫), পাথর্শী ইউনিয়নের গামারিয়া গ্রামের সোলায়মান হোসেন (৮) ও পঁচাবহলা ফকিরপাড়া গ্রামের মো. সুরুজ্জামান (৫৫) মারা গেছেন।
জেলা কৃষি বিভাগ বলেছে, বন্যায় এ পর্যন্ত ৪ হাজার ৯০ হেক্টর জমির বিভিন্ন ফসল তলিয়ে গেছে।
রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি আরও ৭ সেন্টিমিটার বেড়ে গতকাল বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গোয়ালন্দ উপজেলার চারটি ইউনিয়নের প্রায় ১৫ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ছয়টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, পানির প্রবল স্রোতে কুলিয়ে উঠতে না পারায় ১৮টি ফেরির মধ্যে পাঁচটি বসিয়ে রাখা হয়েছে। একটি বিকল। ৩ ও ৪ নম্বর ফেরিঘাট বন্ধ আছে।
গোয়ালন্দের উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ ঘোষ বলেন, পাকা সড়ক ভেঙে ফেরিঘাট বন্ধের বিষয়টি সংশ্লিষ্ট সব দপ্তরে জানানো হয়েছে।
গাইবান্ধায় বিকেলে ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ও ঘাঘটের পানি ৮৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। সাঘাটা উপজেলার ভরতখালীতে সোনাইল বাঁধ ভেঙে গেছে। ভরতখালীতে গাইবান্ধা-সাঘাটা সড়ক তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
যমুনার পানি ১৭ সেন্টিমিটার বেড়ে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৭৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি বাড়ায় সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শহর রক্ষা বাঁধের পাঁচটি স্থান দিয়ে পানি ঢুকছে। সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম বলেন, পানি বৃদ্ধির কারণে বাঁধগুলোতে চাপ পড়ছে। ফলে ফাটল সৃষ্টি হয়েছে।
নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তার পানি কমায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে গতকাল তিস্তার পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। গত বুধবার সেখানে পানি বিপৎসীমার দুই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল।