কুড়িগ্রামে অজ্ঞাত রোগে আক্রান্ত নার্সদের নমুনা ঢাকায় প্রেরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে সদর হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটে অজ্ঞাত রোগে আক্রান্ত ৫০ জন প্রশিক্ষণার্থী নার্সের অবস্থা অপরিবর্তিত রয়েছে। তবে গতকাল শুক্রবার পর্যন্ত ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল রোগটি নির্ণয় করতে পারেনি। জানা গেছে, সাত সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অসুস্থ নার্সদের কফ, মুখের লালা, সর্দি ও রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছে। রোগ নির্ণয়ের আগপর্যন্ত সবাইকে অ্যান্টিভাইরাল ক্যাপসুল ‘ওসেলটামিভির’ খাওয়ানো হচ্ছে। এ ক্যাপসুল খাওয়া শুরুর পর থেকে আক্রান্ত নার্সদের অবস্থার আর অবনতি হয়নি। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট মহাখালীর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান আশরাফুল আলম বলেন, ‘অজ্ঞাত ভাইরাসজনিত রোগটি ছড়ানোর আর আশঙ্কা নেই। সংগৃহীত নমুনা ঢাকায় পরীক্ষা করে ভাইরাসটি শনাক্ত করা যাবে। এ জন্য সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।’ কুড়িগ্রামের সিভিল সার্জন রিয়াজুল ইসলাম বলেন, ‘রোগটি শনাক্ত করা না হলেও আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে আর আক্রান্তের সংখ্যা না বাড়ায় আমরা মনে করছি, অ্যান্টিভাইরাল ক্যাপসুল রোগ সারাতে কাজে লাগছে।’