কুড়িগ্রামে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের প্রধান প্রধান সড়কে শ্যালো ইঞ্জিনচালিত নছিমন, করিমন, ভটভটিসহ তিন চাকার যানবাহন বন্ধের দাবিতে গতকাল সোমবার সকাল থেকে জেলার সব পথে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ শুরু হয়েছে। জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এই অবরোধের ডাক দিয়েছে।
আগে থেকে কোনো ঘোষণা ছাড়া অবরোধ ডাকার কারণে বিপাকে পড়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। এতে দুর্ভোগে পড়েছে দূরপাল্লার যাত্রীরাও।
কুড়িগ্রাম পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী জানান, জেলার প্রধান সড়কে তিন চাকার অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে দুই বছর ধরে প্রশাসনের সঙ্গে কয়েক দফা বৈঠক করে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পুলিশ প্রশাসন সেই সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় বাধ্য হয়ে কর্মসূচি দিতে হচ্ছে। জেলার ১৯টি পয়েন্টে এই অবরোধ করা হয়েছে। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলবে।
পরিবহন মালিক ও শ্রমিকপক্ষের অভিযোগ, মাসিক চুক্তিতে পুলিশ তিন চাকার জেএসএ, আলফা মাহিন্দ্র ও ট্রাক্টর থেকে ৫০০-৬০০ টাকা আদায় করে। এ ছাড়া অন্যান্য তিন চাকার বাহনপ্রতি মাসে ১০০-২০০ টাকা নেওয়া হয়। এ কারণে পরিবহন মালিক গ্রুপের সঙ্গে প্রশাসনের যৌথ বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে পুলিশের অনীহা। পুলিশের টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ট্রাফিক সার্জন সাগর।