কুড়িগ্রামে অবরোধকারী-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে ১৮ দলের সমর্থক অবরোধকারীদের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাজুল ইসলাম আইয়ুবসহ পাঁচজন  আহত হয়েছেন। এ ঘটনায় রোমান ও সুফিয়ান নামের ছাত্রদলের দুই কর্মীকে  আটক করেছে পুলিশ।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের কালীবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে  ছাত্রলীগের সাবেক সভাপতি আনিছুর রহমান মোটরসাইকেলে করে শহরে যাচ্ছিলেন। এ সময় অবরোধকারীরা তাঁর মোটরসাইকেলটি ভাঙচুর করেন। এ খবর শহরের ঘোষপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছালে জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাজুল ইসলাম আইয়ুবের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের কালীবাড়ি মোড়ে পৌঁছালে ১৮ দলের সমর্থকেরা ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালান। সংঘর্ষে মিনহাজুল ইসলামসহ পাঁচজন জন আহত হন। মিনহাজুল ইসলামকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিত্সাধীন মিনহাজুল ইসলাম আইয়ুব জানান, ‘আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছিলাম। এ সময় ১৮ দলের নেতা-কর্মীরা মিছিলে হামলা চালায়।’

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে টহল জোড়দার করা হয়েছে।

নাগেশ্বরীতে ভোটকেন্দ্রে আগুন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় গতকাল রাতে একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

উপজেলার হাসনাবাদ ইউনিয়নের খামার হাসনাবাদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে কেরোসিন ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বিদ্যালয়ের আসবাব পুড়ে যায়।

নাগেশ্বরী থানার ওসি আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।