কুড়িগ্রামে আ.লীগ কর্মী হত্যার নেপথ্যে জমি নিয়ে বিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়ন পরিষদ চত্বর এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে লুৎফর রহমান (৩৫) নামের আওয়ামী লীগের এক কর্মীকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া দুজন হলেন হলোখানা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবদুল হামিদ (৪৩) ও সুবারকুঠি গ্রামের নূর হোসেন (৩২)। তাঁদের গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জানা গেছে, হেমেরকুঠি গ্রামের ছম্বিল মাস্টারের সঙ্গে এলাকার ছয়ফুল আলী ও নাছের আলীর জমি নিয়ে বিরোধ ছিল। মাস খানেক আগে বিরোধপূর্ণ জমিতে মাছ ধরা নিয়ে সংঘর্ষে ছয়ফুলের সমর্থক হাছেন উদ্দিনের ছেলে শফি আহত হন। হাছেন তাঁর ভাতিজা মনছুরের কাছে বিচার চাইলে তিনি ছম্বিল মাস্টারের ছেলেদের শায়েস্তা করার কথা বলেন। লুৎফর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী এবং ছম্বিল মাস্টারের ছেলে। মঙ্গলবার আবদুল হামিদ কৌশলে লুৎফরকে হলোখানা ইউপি পরিষদ ভবনের নিয়ে আসেন। খবর পেয়ে মনছুরের নেতৃত্বে কয়েকজন লুৎফরকে রাম দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় বড় ভাইকে বাঁচাতে এসে গফ্ফারও গুরুতর আহত হন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান জানান, প্রাথমিক তদন্তে বিষয়টি সাজানো নাটক বলে মনে হচ্ছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, খুনের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের জন্য সাঁড়াশি অভিযান চলছে। সন্দেহভাজন ব্যক্তিদের নজরদারিতে রাখা হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি রোধে পুলিশ প্রহরা জোরদার করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।