কুড়িগ্রামে আইএপিপি কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম জাতীয় পে-স্কেলসহ ছয় দফা দাবিতে এন্টিগ্রেটেড অ্যাগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি প্রজেক্টের (আইএপিপি) কর্মকর্তা-কর্মচারীরা গতকাল রোববার দিনব্যাপী কর্মবিরতি পালন করেছেন। এ ছাড়া তাঁরা প্রকল্প পরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছেন।
আইএপিপির কয়েকজন কর্মকর্তা-কর্মচারী সূত্রে জানা গেছে, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের আট জেলার প্রান্তিক জনগোষ্ঠীর প্রায় ছয় লাখ নারী-পুরুষের ভাগ্য উন্নয়নে কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন আইএপিপি প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা মাঠপর্যায়ে কাজ করছেন। এ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগের সময় সরকারি নিয়ম অনুযায়ী সব সুযোগ-সুবিধা দেওয়ার কথা উল্লেখ থাকলেও তা বাস্তবায়ন হয়নি। এর পরিপ্রেক্ষিতে ছয় দফা দাবি আদায়ে গতকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা সমন্বয়কারীর কার্যালয়ের সামনে তাঁরা কর্মবিরতি পালন করেন।
দাবিগুলো হলো অষ্টম জাতীয় পে-স্কেলে বেতন, চাকরি স্থায়ীকরণ, প্রকল্পের গতিবৃদ্ধির জন্য বা তথ্য সংরক্ষণ ও প্রেরণের জন্য ইলেকট্রনিকস ডিভাইস প্রদান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অশালীন আচরণ ও চাকরিচ্যুতির হুমিক বন্ধকরণ, উৎসব ভাতার মতো বাঙালি জাতীয় ঐতিহ্য বাংলা নববর্ষ ভাতা প্রদান, বকেয়া ভাতা প্রদান ও প্রকল্প সমাপ্তিতে সার্ভিস বেনিফিট কোনো প্রকার কর্তন ছাড়াই প্রদান।
বক্তব্য দেন আইএপিপি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মাহবুবুল ফেরদৌস, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম প্রমুখ।