কুড়িগ্রামে আওয়ামী লীগসহ রাজনীতিকদের প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেজর জেনারেল (অব.) আমসাআ আমিন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি চাওয়ার খবরে স্থানীয় পর্যায়ে দলের সর্বস্তরে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। জেলা ছাত্রলীগ ও যুবলীগ পৃথকভাবে আনন্দ মিছিল করে মিষ্টি বিতরণ করে।আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের পাশাপাশি মহাজোটের শরিক দলের নেতারাও মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তবে আমসাআ আমিনের সমর্থক শিবিরে দেখা দিয়েছে হতাশা। পদত্যাগ করলেও জেলা পরিষদের প্রশাসক হিসেবে তিনি বিভিন্ন সমাবেশে ‘দেশ অনিয়ম-দুর্নীতি, টেন্ডারবাজি, নিয়োগ-বাণিজ্য, সন্ত্রাসে ছেয়ে গেছে’ উল্লেখ করায় দলের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকেরা পড়েছেন বিব্রতকর অবস্থায়। বেলা ১১টায় জেলা ছাত্রলীগ একটি আনন্দ মিছিল বের করে কলেজ মোড় এলাকায় এক সমাবেশে মিলিত হয়। জেলা কমিটির সভাপতি মিনহাজুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। তাঁরা আমসাআ আমিনের পদত্যাগকে স্বাগত জানিয়ে বলেন, এর মধ্য দিয়ে কুড়িগ্রাম আওয়ামী লীগ রাহুমুক্ত হলো। পরে তাঁরা সবার মধ্যে মিষ্টি বিতরণ করেন। একইভাবে জেলা যুবলীগ বাসস্ট্যান্ড এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, দলের অভ্যন্তরীণ বিভাজন বন্ধ হবে। দল আরও শক্তিশালী হবে। সোমবার ফুলবাড়ী উপজেলার শাহবাজার আবুল হোসেন সিনিয়র মাদ্রাসায় এক সুধী সমাবেশে জেলা পরিষদের প্রশাসক হিসেবে আমসাআ আমিন প্রধান অতিথি ছিলেন। এ সময় বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশে ইসলাম আছে, মুসলমান নেই। আর বিদেশে মুসলমান আছে, কিন্তু ইসলাম নেই।’ এর কারণ হিসেবে বলেন, ‘বর্তমানে দেশে ঘুষ, অনিয়ম-দুর্নীতি, সন্ত্রাস, টেন্ডার-বাণিজ্য ও নিয়োগ-বাণিজ্যে ভরে গেছে। এ রকম পরিস্থিতিতে বাধ্য হয়ে পদত্যাগ করেছি।’ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমঞ্চদ আলীর সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামায়াতের কর্মী মাওলানা আবুল কাশেম, ফ্রিডম পার্টির সাবেক নেতা আবদুল খালেক, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আইনুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহামঞ্চদ বেলায়েত হোসেন প্রমুখ। এসব বক্তব্যে দলের নেতা-কর্মী-সমর্থকেরা পড়েছেন বিব্রতকর অবস্থায়। রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুনুর মো. আক্তারুজ্জামান বলেন, সভাপতির পদ থেকে পদত্যাগ করে আমসাআ আমিন জেলা আওয়ামী লীগকে ভারমুক্ত করেছেন। কারণ, তিনি গত বিএনপির শাসন আমলের শেষ দেড় বছর, এক-এগারোর দুই বছর এবং বর্তমান সরকারের প্রায় চার বছর সব মিলিয়ে সাড়ে সাত বছর ধরে দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয়। মাঝেমধ্যে এসে তাঁর অনুসারীদের নিয়ে সংগঠনবিরোধী কার্যকলাপ পরিচালনা করতেন। জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক পিপি আব্রাহাম লিংকন বলেন, ‘পদত্যাগ কোনো সমস্যার সমাধান নয়, এটি খুশি হওয়ার বিষয়ও নয়। আমসাআ আমিন সৎ মানুষ, তবে নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল না। সাহসিকতার সঙ্গে লড়াই করা উচিত ছিল।’ কুড়িগ্রাম সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ বলেন, ‘দীর্ঘদিন ধরে আমসাআ আমিন দলের সভাপতির দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এ ছাড়া তাঁর পেছনে কোনো নেতা-কর্মী নেই। সামনের কাউন্সিলে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে অন্যের ঘাড়ে দোষ চাপাতে পদত্যাগের নাটক সাজিয়েছেন।’ কুড়িগ্রাম জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আমেদ নাজমীন সুলতানা বলেন, ‘আওয়ামী লীগের জন্য তাঁর প্রয়োজন ছিল। পদত্যাগ করা উচিত হয়নি।’ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক উমর ফারুক বলেন, বিষয়টি দুঃখজনক। পদত্যাগ গৃহীত হলে কুড়িগ্রামে সৎ রাজনীতির অবসান ঘটবে। জেলা জাতীয় পার্টির সদস্যসচিব ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ বলেন, সভাপতি হিসেবে আমসাআ আমিন দলের নেতা-কর্মীকে সঠিকভাবে দিক-নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছেন। এ কারণে দলের পুরো নিয়ন্ত্রণ ছিল সাধারণ সম্পাদক সাংসদ মো. জাফর আলীর হাতে। এ কারণে সভাপতি হিসেবে তাঁর যথাযথ মর্যাদা ছিল না। জেলা জাসদের সভাপতি এমদাদুল হক জানান, রাজনৈতিক ব্যক্তি হলে হতাশা থেকে পদত্যাগ করতেন না আমসাআ আমিন। কারণ, রাজনীতি নিবিড় পরিচর্যার বিষয়। জেলা কমিটির সভাপতির পদ থেকে তাঁর এই পদত্যাগ আওয়ামী লীগের রাজনীতির দৈন্যের বহিঃপ্রকাশ।