কুড়িগ্রামে আগুনে ক্ষয়ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম শহরে আজ বুধবার আগুনে পুড়ে গেছে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
ফায়ার সার্ভিস, ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয়দের ভাষ্য, শহরের বাজার কালী বাড়ি সড়কের পাশে ভোর সাড়ে পাঁচটার দিকে কাপড়ের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ওই আগুন পাশের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও পেছনের দিকে থাকা বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১০টি দোকান, একটি আবাসিক হোটেল ও পাঁচটি বাড়ি পুড়ে গেছে।
খবর পেয়ে কুড়িগ্রাম, নাগেশ্বরী, উলিপুর ও লালমনিরহাট ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে আসে। তাদের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত কয়েকজন ব্যবসায়ীর ভাষ্য, আগুনে প্রায় তিন কোটি টাকা সমমূল্যের ক্ষতি হয়েছে।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক সিরাজুল ইসলাম তরফদার প্রথম আলোকে বলেন, ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।