কুড়িগ্রামে যুবদল নেতা কামাল আহমেদ ওরফে বিপুল হত্যার প্রতিবাদে গতকাল রোববার বিএনপির ডাকা আধা বেলা হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে দূরপাল্লার কোনো বাস চলাচল করেনি। তবে রিকশাসহ অন্যান্য যানবাহন চলাচল করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিএনপির নেতারা অভিযোগ করেন, শনিবার রাতে তাঁদের বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তারের চেষ্টা করে পুলিশ।কুড়িগ্রাম-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী নিহত বিপুলের পরিবারকে এক লাখ টাকা সহায়তা দিয়েছেন।গতকাল পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে বিএনপির ডাকা হরতাল চলাকালে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। ব্যাংক, বিমা ও অফিস-আদালতে লোক সমাগম ছিল স্বাভাবিক। হরতালের সময় বিএনপির পিকেটিং বা কোনো মিছিল চোখে পড়েনি। এ ব্যাপারে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ জানান, পুলিশ ও ক্ষমতাসীন দলের অগণতান্ত্রিক আচরণের কারণে তাঁরা হরতালে মাঠে নামতে পারেননি। শনিবার রাতে তাঁদের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তারের চেষ্টা চালায় পুলিশ। তিনি আরও জানান, আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী দিয়ে বিএনপির রাজনীতি ধ্বংস করার অপচেষ্টায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।গতকাল শহরে একটি হরতালবিরোধী মিছিল ও সমাবেশ করে আওয়ামী লীগ। ঘোষপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে সাংসদ মো. জাফর আলী, অধ্যক্ষ রাশেদুজ্জামানসহ আরও অনেকে বক্তব্য দেন। বক্তারা দাবি করেন, বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে একটি সন্ত্রাসী হামলার মতো ঘটনায় দলীয় রং লাগাচ্ছে। সমাবেশের পর সাংসদ নিহত বিপুলের বাড়িতে যান। তিনি বিপুলের পরিবারকে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকা অনুদান দেন।অপর দিকে পুলিশ বিপুল হত্যার পাঁচ আসামি মাসুদ, শাহীন, মাসুদ, রোস্তম ও বাবুকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। নিহত বিপুলের বড় ভাই রিয়াজউদ্দিন আহমেদ বাদী হয়ে শনিবার সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু তালেব জানান, আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ চিরুনি অভিযান চালাচ্ছে।কুড়িগ্রাম সদর উপজেলা যুবদলের সহসভাপতি বিপুলের দুই দফা জানাজা শেষে গত শনিবার দাফন সম্পন্ন হয়। গত শনিবার ভোরে তাঁর মরদেহ ঢাকা থেকে কুড়িগ্রামে আনা হয়। এরপর সকাল নয়টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পুরোনো পোস্ট অফিস মাঠে তাঁর প্রথম জানাজা হয়। পরে তাঁরা শোক মিছিল করেন। মিছিলের শুরুতে বক্তব্য দেন পৌরসভার মেয়র নূর ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি আবদুল আজিজ প্রমুখ।দ্বিতীয় জানাজার জন্য লাশ খলিলগঞ্জ সরকারি প্রাথমিক স্কুলের মাঠে নেওয়া হয়। সেখানে ১০টায় দ্বিতীয় জানাজা হয়। এ সময় সাংসদ মো. জাফর আলী উপস্থিত ছিলেন। জানাজা শেষে বেলা সাড়ে ১১টায় কুড়িগ্রাম কেন্দ্রীয় কবরস্থানে যুবদল নেতার মরদেহ দাফন করা হয়।জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অলক সরকার এবং আইনবিষয়ক সম্পাদক আব্রাহাম লিংকন দাবি করেন, বিপুল ও মাসুদ (হত্যা মামলার আসামি) বছর দুই আগে ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন এবং একসঙ্গে থাকতেন। তখন একটি মুঠোফোন হারালে বিপুল সন্দেহ করেন মাসুদকে এবং তাঁকে মারধর করেন। পরে মাসুদ কুড়িগ্রামে চলে আসেন। আসার সময় শাসিয়ে আসেন এর বদলা তিনি নেবেন। গত বছর ন্যাশনাল সার্ভিসের কার্যক্রম শুরু হলে কুড়িগ্রামে এসে তাতে যোগ দেন বিপুল। গত বৃহস্পতিবার পূর্বপরিকল্পনা অনুযায়ী সন্ত্রাসীরা তাঁকে মারধরসহ গুরুতর আহত করে।যুবদল নেতা বিপুল গত বৃহস্পতিবার বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশে অংশ নেন। পরে একটি ক্রিকেট ব্যাট কিনে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন। তাঁকে প্রথমে কুড়িগ্রাম সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত শুক্রবার সকালে তিনি মারা যান।