প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা
কুড়িগ্রামে আনন্দ স্কুলের ১১ হাজার পরীক্ষার্থীর তিন হাজারই ভুয়া!
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কুড়িগ্রামে বিভিন্ন আনন্দ স্কুলের মোট ১১ হাজার ২৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এদের মধ্যে তিন হাজারের বেশি পরীক্ষার্থী ভুয়া হিসেবে চিহ্নিত হয়েছে। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী থেকে শুরু করে উঁচু ক্লাসের অনেকে এসেছিল আনন্দ স্কুলের পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিতে।এদিকে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রতিদিন অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। তিন দিনে সারা দেশে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা দুই লাখ ৭৫ হাজার ২৪। বিভিন্ন অভিযোগে বহিষ্কার হয়েছে আরও ৪২১ জন পরীক্ষার্থী।গতকাল বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর মোট ছয়টি পরীক্ষার তিনটি শেষ হয়েছে।স্কুল ও মাদ্রাসা মিলিয়ে প্রায় ২৫ লাখ শিক্ষার্থী ওই পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছিল। গতকাল পর্যন্ত ২২ লাখ ১৩ হাজার ৭৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় নিয়মিত অংশ নিয়েছে।গতকাল প্রাথমিক শিক্ষা সমাপনীর ‘পরিবেশ পরিচিতি বিজ্ঞান’ এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনীর ‘কুরআন ও আকাইদ ফিকাহ্’ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্থানে বিজ্ঞান পরীক্ষায় ৩৮ জন এবং কুরআন ও আকাইদ ফিকাহ্ পরীক্ষায় ১৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এ ছাড়া গতকাল আরও চার হাজার ২৪৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।কুড়িগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, কুড়িগ্রাম সদর, চিলমারী ও রাজীবপুর উপজেলায় সরকারি অর্থায়নে এনজিও পরিচালিত সমন্বিত শিক্ষা প্রকল্পের (রক্স) আওতায় আনন্দ স্কুলের ১১ হাজার ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে তিন হাজারের বেশি ভুয়া ধরা পড়েছে।ভুয়া পরীক্ষার্থীদের ২৩ জনকে আটক করে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বহিষ্কার করা হয়েছে ২১৬ জন ভুয়া পরীক্ষার্থীকে। এ ছাড়া ভুয়া পরীক্ষার্থী শনাক্ত শুরু করা হলে তিন হাজারের বেশি পরীক্ষার্থী কেন্দ্র থেকে পালিয়ে গেছে। এদের অনুপস্থিত হিসেবে দেখানো হয়েছে।রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাদের প্রথম আলোকে জানান, সেখানে তিনটি কেন্দ্রে আনন্দ স্কুলের পরীক্ষার্থী ছিল ৮০৩ জন। এর মধ্যে এখন পরীক্ষা দিচ্ছে ১২১ জন। ভুয়া হওয়ায় বাকিরা পরীক্ষা দিচ্ছে না। তিনি সাতজনকে আটক করে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছেন। এরা সবাই শিকারপুর রেজিস্টার্ড প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। পরীক্ষা দিতে এসে খাতা ও প্রশ্নপত্র নিয়ে বসে ছিল।চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এনামুল হক জানান, উপজেলায় ছয়টি কেন্দ্রে আনন্দ স্কুলের পাঁচ হাজার ২৫১ জন পরীক্ষার্থীর মধ্যে তিন হাজার ৮২৪ জন পরীক্ষা দিচ্ছে। বাকিরা ভুয়া হওয়ায় ভয়ে পালিয়েছে। তিনি ছয়জন ভুয়া পরীক্ষার্থী আটক করার পর ছেড়ে দেন। এদের মধ্যে একজন কুড়িগ্রাম সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র, একজন চিলমারী কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাঈদ কুতুব জানান, তিনি ১৪৭ জনকে বহিষ্কার এবং ১০ জনকে আটক করেছেন। এ উপজেলার ১৫টি কেন্দ্রে আনন্দ স্কুলের চার হাজার ৯৭০ জনের মধ্যে তিন হাজার ৫২৮ জন পরীক্ষা দিচ্ছে।এ বিষয়ে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ভুয়া পরীক্ষার্থীর বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। আনন্দ স্কুলগুলো সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।