কুড়িগ্রামে আন্তনগর ট্রেন চালুর দাবিতে রেলপথ অবরোধ

কুড়িগ্রামের চিলমারী থেকে ঢাকা রুটে আন্তনগর ট্রেন (ভাওয়াইয়া এক্সপ্রেস) চালুর দাবিতে কুড়িগ্রামের সব স্টেশনে ট্রেন আটকে গতকাল শনিবার এক ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
কুড়িগ্রাম রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির উদ্যোগে গতকাল সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ কর্মসূচিতে নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ওই গণকমিটির কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ হাসান বলেন, চিলমারী, কুড়িগ্রাম, রমনা, বালাবাড়ি, উলিপুর, পাঁচপীর, রাজারহাট, সিঙ্গেরডাবরী রেলস্টেশনে একযোগে ওই রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হয়। ওই রুটে আন্তনগর ভাওয়াইয়া এক্সপ্রেস চালুর দাবিতে এর আগে মন্ত্রীকে দুই লাখ মানুষের গণস্বাক্ষর জমা দেওয়া হয়। এ ছাড়া ঢাকা ও কুড়িগ্রামে মানববন্ধন, পথসভা, সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। আগামী এক মাসের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ার দেন তিনি।
অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন ওই গণকমিটির সভাপতি তাজুল ইসলাম, প্রভাষক আবদুল কাদের, শামসুজ্জামান সুজা, জামিউল ইসলাম, জিল্লুর রহমান, নারী নেত্রী দীপ্তি ফারুক, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনতাজ আলী প্রমুখ।
কুড়িগ্রাম স্টেশনমাস্টার মাঈদুল ইসলাম বলেন, রেলপথ অবরোধের কারণে চিলমারী থেকে তিস্তাগামী ৪১৫ আপ ট্রেনটি কুড়িগ্রাম রেলস্টেশনে আটকে পড়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।