শৈত্যপ্রবাহে কুড়িগ্রাম ও নীলফামারীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে কুড়িগ্রামে আরও অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। ঘন কুয়াশা আর তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছে নারী-শিশু, বৃদ্ধ ও হতদরিদ্র শ্রমজীবীরা।সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, শীতজনিত রোগে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে উলিপুর উপজেলার বুড়াবুড়ির পারভীন (২৫), কুড়িগ্রাম সদরের সুভারকুটির আছিয়া বেওয়া (৬৫), কলেজপাড়ার অয়মনা বেওয়া (৬২), নুরুজ্জামান (৪০), ফজলুল হক (৫৫) ও দেলদারের (৪৬) মৃত্যু হয়েছে।এ নিয়ে চলতি শীত মৌসুমে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে এই জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪৯ জন। হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। তীব্র শীতের কারণে শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগের প্রকোপ দেখা দিয়েছে।সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মজনুর রহমান গতকাল রোববার প্রথম আলোকে বলেন, গতকাল কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।এদিকে নীলফামারীর সৈয়দপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীত ও উত্তর দিক থেকে ধেয়ে আসা ঠান্ডা বাতাসের কারণে জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ।গতকাল বিকেলে জলঢাকা পৌর এলাকার বগুলাগাড়ী জুম্মাপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, কয়েকজন শ্রমিক বোরোর চারা রোপণ করছেন। এমন কনকনে শীতে কীভাবে কাজ করছেন জানতে চাইলে আলাউদ্দিন (৫৫), সহিদুলসহ (৫০) কয়েকজন শ্রমিক বলেন, তাঁরা দিন আনেন দিন খান। এক দিন কাজ করে তাঁরা মজুরি পান ১৫০ টাকা। আর কাজ না করলে পরিবারের সদস্যদের নিয়ে অনাহারে-অর্ধাহারে থাকতে হয়। তাই এই তীব্র শীতের মধ্যে পানিতে নেমে কাজ করেন।বিভিন্ন গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে লোকজনকে আগুন পোহাতে দেখা গেছে। আর গবাদিপশুর গায়ে চট দিয়ে তীব্র শীত থেকে রক্ষার চেষ্টা চলছে। শৈত্যপ্রবাহ ও কুয়াশায় আলুখেতে পচন রোগ দেখা দিয়েছে। কৃষকেরা আশঙ্কা করছেন, এ অঞ্চলের ব্যাপক আলুর ফলনে ব্যাপক ক্ষতি হবে। বোরোর বীজতলাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।