কুড়িগ্রামে আলুচাষিদের মানববন্ধন
কুড়িগ্রামে পাঁচ দফা দাবিতে আলুচাষিরা গতকাল রোববার সকালে মানববন্ধন ও সমাবেশ করেছেন। আলুচাষি কল্যাণ সমিতির উদ্যোগে নতুন রেলস্টেশন এলাকায় সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মানববন্ধন শেষে সমাবেশ হয়। আবদুস সালাম বকসির সভাপতিত্বে এতে বক্তব্য দেন ওমর ফারুক, চিনু মণ্ডল, নূরুল ইসলাম, ইয়াকুব সরদার, সফিকুল ইসলাম ও ছিনাই ইউপি চেয়ারম্যান নূর ইসলাম প্রমুখ।চাষিদের দাবিগুলো হলো হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বস্তাপ্রতি ১৮০ টাকা নির্ধারণ, চাষিদের হিমাগারে আলু রাখার সুযোগ দেওয়া, স্বল্পসুদে কৃষিঋণ প্রদান, সরকারিভাবে আলু কিনে ওএমএস, ভিজিডি, ভিজিএফের মাধ্যমে বিতরণ ও আলু রপ্তানির ব্যবস্থা করা।সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক অভিযোগ করেন, জেলায় এ হক হিমাগার এবং বাবর কোল্ড স্টোরেজ নামের দুটি হিমাগারে আলু রাখার মোট ধারণক্ষমতা ২২ হাজার মেট্রিক টন। হিমাগারগুলো এ মৌসুমে এখনো খোলা হয়নি। অথচ সেখানে আলু রাখার বুকিং শেষ হয়ে গেছে। নির্দিষ্ট কিছু লোকের নামে এই বুকিং করা হয়েছে। এখন হিমাগারে চাষিদের আলু সংরক্ষণ করতে হলে এজেন্টদের বস্তাপ্রতি ২০ টাকা কমিশন দিয়ে রাখতে হবে। কৃষি বিভাগের হিসাবমতে জেলায় এবার অন্তত এক লাখ ২২ হাজার মেট্রিক টন উত্পাদিত হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, অন্যান্যবার এখান থেকে দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা আলু কিনে নিয়ে যেতেন। কিন্তু এবার তাঁরা আসেননি। আলুর দামেও ধস নেমেছে। ফলে আলু নিয়ে চাষিরা বিপাকে পড়েছেন। এ হক হিমাগারের মালিক পনির উদ্দিন আহমেদ জানান, তাঁদের হিমাগারে আলু ধারণক্ষমতা এক লাখ ৪০ হাজার বস্তা। ইতিমধ্যে শতাধিক লোকের কাছ থেকে এক লাখ ৫০ হাজার বস্তা আলু রাখার বুকিং নিয়েছেন।