কুড়িগ্রামে আল্লার দলের তিন সদস্য আটক
কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার ভোরে নিষিদ্ধঘোষিত আল্লার দলের তিন সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে সাতটি ককটেল ও দুটি রামদা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কুড়িগ্রাম সদরের কৃষ্ণপুর এলাকার আনোয়ার হোসেন (৩০), সিঅ্যান্ডবি ঘাট এলাকার জাবেদ আলী ওরফে জুবায়ের (২৪) ও রংপুর কোতোয়ালির পশ্চিম বাবুখাঁ গ্রামের মনোয়ার হোসেন (৩৪)। তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক ও অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য গতকাল পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত ১৫ এপ্রিল শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, ২০০৭ সালের ১৮ এপ্রিল কুড়িগ্রাম জেলা শহরের ঘোষপাড়ার তোতা হাজির বাড়ি থেকে কথিত আল্লার দলের প্রধান মতিন মেহেদী এবং সহযোগী জাবেদ আলী ওরফে জুবায়ের, মনোয়ার হোসেন ও আনোয়ার হোসেনকে আটক করে পুলিশ। কুড়িগ্রাম সদর থানার এসআই নুরুল ইসলাম বাদী হয়ে ২১ এপ্রিল বিস্ফোরক দ্রব্য আইনের ১৯০৮-এর ৪ (খ) ধারায় একটি মামলা করেন।
২০১১ সালের ১১ এপ্রিল আদালত মতিন মেহেদী, আনোয়ার হোসেন, মনোয়ার হোসেন ও জাবেদ আলীকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ২০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। মতিন মেহেদী ২০০৫ সালের ১৭ আগস্ট ঝিনাইদহে দায়ের করা বোমা হামলার মামলায় মৃত্যুদণ্ড এবং গাইবান্ধায় বোমা হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন।
জাবেদ আলীর বড় ভাই আবেদ আলী জানান, সাজাপ্রাপ্ত ওই তিনজন সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। বুধবার রংপুর কারাগার থেকে মুক্তি পেয়ে বাইরে বের হলে সাদা পোশাকের পুলিশ তাঁদের আটক করে।