কুড়িগ্রামে ইটভাটার গ্যাসে পুড়েছে ফসল
কুড়িগ্রামে একটি ইটভাটার বিষাক্ত গ্যাসে পুড়ে গেছে শতাধিক একর জমির বোরো ধান। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে কচুখেত, বরইয়ের বাগানসহ বিভিন্ন জাতের সহস্রাধিক গাছপালা। পাকা ধান পুড়ে যাওয়ায় এবং অন্যান্য ফসলের ক্ষতি হওয়ায় কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন।
এলাকাবাসী বলেন, কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের চৌধুরীপাড়ায় শাহীন চৌধুরী সিএইচবি ইটভাটার বিষাক্ত গ্যাস এক সপ্তাহ আগে রাতের বেলা ছেড়ে দেন ভাটার মালিক। কৃষিজমির পাশে অবস্থিত এই ভাটার গ্যাস অন্যান্য বছর ফসল ঘরে ওঠার পর ছাড়া হলেও এ বছর আগেই ছেড়ে দেওয়া হয়েছে। এতে করে ধীরে ধীরে ভাটার পাশে প্রায় ১ কিলোমিটার এলাকাজুড়ে খেতের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পুড়ে গেছে চৌধুরীপাড়া, হাজিরডোবা ও বানিরখামার গ্রামের প্রায় শতাধিক একর জমির পাকা ও আধপাকা বোরো ধান। এ ছাড়া কচুখেত, বরইয়ের বাগানসহ সহস্রাধিক গাছপালার পাতা পুড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। ধানের পাশাপাশি কচুখেত ও বরই বাগানের ব্যাপক ক্ষতি হওয়ায় ভাটার মালিকের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন এলাকাবাসী। তাঁদের দাবি নিয়মনীতি না মেনে কৃষিজমি ও বসতবাড়ির পাশে গড়ে ওঠা ইটভাটা বন্ধ করে দেওয়া হোক।
সম্প্রতি চৌধুরীপাড়ায় গিয়ে দেখা যায়, পাকা ধান সাদা হয়ে আছে। কৃষকেরা বলছেন, তাঁরা ধান কাটার প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় এ ঘটনা ঘটল। গ্রামের খায়রুল ইসলাম বলেন, ‘জমির পাকা ধান কেটে ঘরে তোলার আগের মুহূর্তে ভাটার বিষাক্ত গ্যাসে ধান পুড়ে যাওয়ায় খুব ক্ষতি হয়েছে। সারা বছর কীভাবে চলব, তা ভেবে কূল পাচ্ছি না। আমি ভাটার মালিকের বিচার চাই।’
একই ইউনিয়নের হাজিরডোবা গ্রামের ফুলাল্লি মিয়া বলেন, ‘শাহীন চৌধুরী সিএইচবি ভাটার বিষাক্ত গ্যাসে আমার ৩ একরের বেশি জমির বোরো ধান পুড়ে গেছে। আমি এর ক্ষতিপূরণ চাই।’
ভোগডাঙ্গার বানিরখামার গ্রামের আমিনুর ইসলাম ও আবুল হোসেন বলেন, তাঁরা ১ একর জমি বর্গা নিয়ে বরইয়ের বাগান করেছিলেন। ইটভাটার বিষাক্ত গ্যাসে গাছের সব কচি পাতা পুড়ে গেছে। এ অবস্থায় নতুন করে আর পাতা গজাতে পারবে না। এতে করে পুরোপুরি ক্ষতির মুখে পড়েছেন তাঁরা।
এ ব্যাপারে সিএইচবি ইটভাটার মালিক শাহীন চৌধুরী ভাটার গ্যাস ছেড়ে দেওয়ায় ফসলের ক্ষতি হওয়ার কথা স্বীকার করে বলেন, কৃষকেরা যতটা অভিযোগ করছেন, ততটা ক্ষতি হয়নি।
এ প্রসঙ্গে কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ইটভাটার গ্যাসে ক্ষতিগ্রস্ত ফসলি জমি পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত ফসলের পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়েছে। কৃষকের ফসলের ক্ষতিপূরণ না দিলে ইটভাটার মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।