কুড়িগ্রামে উদীচীর দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি
সাংস্কৃতিক সংগঠন উদীচী দুই দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী, একুশে পদকপ্রাপ্তি, রবীন্দ্রনাথ, নজরুল ও সুকান্ত স্মরণোৎসব উদ্যাপন করেছে। গতকাল শুক্রবার এ উৎসব সমাপ্ত হয়।
উৎসবের প্রথম দিন গত বৃহস্পতিবার সন্ধ্যায় কুড়িগ্রাম পৌরসভা হলে অধ্যাপক তপন রুদ্রের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী ও একুশে পদকপ্রাপ্তির ওপর এক আলোচনা সভা হয়। উদীচীর কুড়িগ্রাম শাখার সাধারণ সম্পাদক মানিক চৌধুরী ছাড়াও এতে বক্তব্য দেন হারুন অর রশিদ, আব্রাহাম লিংকন, মতলুবর রহমান খান ও রাশেদুর জামান। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন উদীচীর শিল্পীরা।
উৎসবের দ্বিতীয় দিন গতকাল একই মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্য স্মরণোৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটির (সনাক) জেলা শাখার সভাপতি মো. শাহাবুদ্দিনসহ তপন রুদ্র। আলোচনা শেষে উদীচীর শিল্পীরা গণসংগীত ও নৃত্য পরিবেশন করেন।