ন্যাশনাল সার্ভিসের আওতায় কুড়িগ্রামের প্রায় ১০ হাজার বেকার যুবক ও যুব মহিলা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ শুরু করেছেন। বরগুনায় এখনো প্রশিক্ষণ চলছে আর গোপালগঞ্জে আগামী দুই সপ্তাহের মধ্যে চালু হতে যাচ্ছে এই কর্মসূচি। অস্থায়ী কর্মসংস্থান কর্মসূচির কার্যক্রম পর্যালোচনার জন্য গঠিত কমিটির সভা শেষে গতকাল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার এ কথা জানান।সূত্র জানায়, কুড়িগ্রামে অস্থায়ী কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন ৩১ হাজার ৬২০ জন। এঁদের মধ্যে নয় হাজার ৯৫০ জন ১০টি বিষয়ে গত ৬ মার্চ থেকে প্রশিক্ষণ নেন। বিষয়গুলো হলো—প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা, শারীরিক শিক্ষা, কম্পিউটার বিজ্ঞান, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা, দুর্যোগ ব্যবস্থাপনা, বন এবং পরিবেশ। তিন মাসব্যাপী প্রশিক্ষণের পর জেলা ও উপজেলা পর্যায়ে সরকারের বিভিন্ন সংস্থায় এ মাস থেকে তাঁরা কাজ শুরু করেছেন। দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ চলছে। এদিকে বরগুনা প্রতিনিধি জানান, কুড়িগ্রামে ১৮-৩৫ বছর বয়সী বেকার জনগোষ্ঠী কাজ শুরু করলেও দক্ষিণাঞ্চলীয় জেলা বরগুনায় এখনো উপকারভোগীদের তালিকা নিয়ে বিতর্ক চলছে। অভিযোগ রয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে কয়েকটি শর্ত মেনে বেকারদের তালিকা প্রস্তুত করার কথা ছিল। বলা হয়েছিল, একটি পরিবার থেকে একজন এই সুযোগ পাবেন এবং তাঁকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হতে হবে। কোনো অবস্থাতেই কোনো ছাত্র এই সুযোগ পাবেন না। কিন্তু তালিকায় একই পরিবারের একাধিক সদস্য এবং ছাত্রদের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং রাজনৈতিক বিবেচনায় কারও কারও নাম অন্তর্ভুক্ত হয়েছে বলেও অভিযোগ উঠেছে। সবশেষে গত সপ্তাহে এ ধরনের অসংগতির কথা উল্লেখ করে আমতলী থানার কয়েকজন বাসিন্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ জানিয়েছেন। বরগুনায় ১৫ এপ্রিল এই কর্মসূচির সূচনা হয় এবং এতে চার হাজার বেকার এখন প্রশিক্ষণ নিচ্ছেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, তাঁর মন্ত্রণালয় পুরো বিষয়টি তদারকি করে দেখছে। কোথাও অনিয়ম হলে সেটি খতিয়ে দেখার ব্যবস্থা আছে। পাইলট প্রকল্পটি শেষ হলে সারা দেশে এ কর্মসূচি চালুর পরিকল্পনা আছে সরকারের, তাই খুবই সতর্কতার সঙ্গে কমিটি উপকারভোগীদের তালিকা ও প্রশিক্ষণের সব বিষয় পর্যবেক্ষণ করছে। প্রতিমন্ত্রী আরও বলেন, গোপালগঞ্জে পাঁচ হাজার জনের তালিকা চূড়ান্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাইজেরিয়ায় ডি-৮ সম্মেলন থেকে ফিরে এলে আগামী দুই সপ্তাহের মধ্যে কর্মসূচি উদ্বোধনের দিন ঠিক করা হবে। উল্লেখ্য, সরকারের এই কর্মসূচিতে এ বছর ১৯০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনে বরাদ্দ আরও বাড়ানো হবে বলে জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।