কুড়িগ্রামে কাজে যোগ দিলেন ১০ হাজার লোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় কুড়িগ্রামে তিন মাসের প্রশিক্ষণ শেষে কাজে যোগ দিলেন প্রায় ১০ হাজার বেকার যুবক ও যুব মহিলা। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাঁদের বিভিন্ন দপ্তরের সঙ্গে সংযুক্ত করা হয়।কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সাংসদ মো. জাফর আলী। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আজিজুর রহমান ও জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাঈদ কুতুব, রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নুর আক্তারুজ্জামান প্রমুখ।মহাজোট সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি পরিবার থেকে একজন করে শিক্ষিত বেকারকে কাজ দেওয়ার লক্ষ্যে কুড়িগ্রাম, বরগুনা ও গোপালগঞ্জ জেলায় ন্যাশনাল সার্ভিসের কার্যক্রম চলছে। কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শরিফুল ইসলাম জানান, কুড়িগ্রামে এই সার্ভিসে অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রাথমিকভাবে প্রায় ৩৫ হাজার বেকার আবেদন করেন। এর মধ্যে প্রথম দফায় নয় হাজার ৯৫০ জনকে ১০টি বিষয়ের ওপর তিন মাস মেয়াদি প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তাঁদের বিভিন্ন দপ্তরে কাজের সুযোগ করে দেওয়া হলো।