কুড়িগ্রামে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়ায় গতকাল মঙ্গলবার সকালে বন্যাসহিষ্ণু ধান কর্তন উপলক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক দাতা সংস্থা বিল অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় বেসরকারি সংস্থা সলিডারিটির ব্যবস্থাপনায় এবং কাশিমবাজার স্বাস্থ্যসেবা সংস্থার আয়োজনে সমাবেশটি করা হয়।
স্থানীয় কৃষক আকবর আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বলদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোখলেছুর রহমান, ভূরুঙ্গামারী কৃষি সম্প্রসারণ বিভাগের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবদুস সোবাহান, উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, কাশিমবাজার স্বাস্থ্যসেবা সংস্থার নির্বাহী পরিচালক তোফাজ্জল হোসেন, কুড়িগ্রাম সলিডারিটির নির্বাহী পরিচালক হারুন অর রশীদ প্রমুখ।
কৃষকেরা জানান, কুড়িগ্রামে প্রতিবছর বন্যায় হাজার হাজার হেক্টর জমির ধান নষ্ট হয়। এ ক্ষতি কমিয়ে আনতে চলতি বছর ব্যাপকভাবে নতুন জাতের বন্যাসহিষ্ণু ধানের আবাদ করা হয়। এর ফলে বন্যার কবল থেকে রক্ষা পেয়ে অনেক কৃষক লাভবান হয়েছেন।
ভূরুঙ্গামারী কৃষি বিভাগ জানায়, চলতি বছর উপজেলায় প্রায় ২৯ হেক্টর জমিতে বন্যাসহিষ্ণু জাত ব্রি ধান-৫১, ব্রি ধান-৫২ ও আগামজাত বিনা-১১ চাষ করা হয়। এতে দেড় শতাধিক কৃষক সম্পৃক্ত হয়েছেন।