কুড়িগ্রামে কৃষকের জমি চষে দিলেন বন্ধুসভার সদস্যরা
প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, শোভাযাত্রা, চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের জমি চাষ, বীজ বপন ও বীজ বিতরণ।দিনটি পালন উপলক্ষে গতকাল রোববার সকাল নয়টায় কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভা শেষে বন্ধুসভার সদস্যরা কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের দেবারী খোলা চরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের জমি চাষ, বীজ বপন ও শতাধিক কৃষকের মধ্যে বিভিন্ন শাকসবজির বীজ বিতরণ করেন।চরবাসীর দুঃসময়ে বন্ধুসভার সদস্যদের কাছে পেয়ে খেয়ার আলগার চর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোক্তার আহাম্মেদ বলেন, ‘বন্যায় চরের ব্যাপক ক্ষতি হয়। কোথাও কোনো ফসল নাই। কৃষকেরা বীজ কিনবে, সেই সামর্থ্য সবার নাই। এ সময় প্রথম আলো বন্ধুসভার ছেলেমেয়েরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে চরে এসে কৃষকদের জন্য যা করে গেলেন, তার তুলনা নেই।’