কুড়িগ্রামে খ্রিষ্টানদের ধর্মসভায় হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম পৌরসভার ভেলাকোপা মরাকাটা এলাকার একটি বাড়িতে খ্রিষ্টধর্মাবলম্বীদের এক ধর্মসভায় গতকাল সোমবার হামলা চালানো হয়েছে। এতে নারীসহ পাঁচজন আহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, বেলা সাড়ে ১১টার দিকে মো. রফিকুলের বাড়িতে খ্রিষ্টানদের ঈশা-ই-জামাতের ধর্মসভা চলছিল। সভায় মার্কিন নাগরিক জো এলেন, রংপুরের কাউনিয়া মিশনারির ঈশা-ই-জামাতের ইমাম জগদীশ বর্মণসহ অন্তত ৭০ জন নারী-পুরুষ অংশ নেন। সভার একপর্যায়ে স্থানীয় বাসিন্দা রাশেদুল, সুমন, মোহাম্মদ আলী, বাবলু, আমুর উদ্দীন, হাসান আলীসহ কয়েকজন যুবক হামলা চালায়। এতে রোকেয়া (৫৫), মনি (৩০), হালিমা (২৮), সফিকুল (১৭) এবং রফিকুল (২৫) আহত হন। হামলাকারীরা রফিকুলের দুটি ঘর ভাঙচুর করে। ওই বাড়ির পাশে অবস্থিত মো. জিয়ার দোকানেও হামলা চালানো হয়। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মার্কিন নাগরিক জো এলেনকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। কুড়িগ্রাম ঈশা-ই-জামাতের ইমাম ইসমাইল হোসেন অভিযোগ করেন, স্থানীয় জামায়াতে ইসলামীর চিহ্নিত কর্মীরা এ হামলা চালান। জো এলেন বলেন, ‘সভায় কথা বলার সময় কয়েকজন যুবক হামলা চালায়। তারা নারী-শিশুসহ আমাকেও আঘাত করে।’ সদর উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন বলেন, ‘হামলাকারীরা আমাদের কর্মী নয়।’ জেলা জামায়াতের আমির আজিজুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না।’ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাহারুল ইসলাম বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।