কুড়িগ্রামে গৃহবধূ অ্যাসিড সন্ত্রাসের শিকার
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় রাশেদা বেগম নামের এক গৃহবধূ অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন। গত শনিবার রাতে উপজেলার সীমান্তঘেঁষা বালাতারী গ্রামে এ ঘটনা ঘটে। রাশেদা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বালাতারী গ্রামের এমদাদুল হকের স্ত্রী রাশেদা বেগম (৩৮) শনিবার সন্ধ্যায় বাদুড় তাড়ানোর উদ্দেশ্যে বাড়ির পেছনে লিচুবাগানে যান। একপর্যায়ে ঝোপের আড়ালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে তরল পদার্থ ছুড়ে মারে। রাশেদার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
রাশেদা বেগম প্রথম আলোকে বলেন, ‘পারিবারিক কলহের জেরে আমার গায়ে অ্যাসিড ছুড়ে মারা হয়েছে। আমি তাঁদের চিনেছি। এর মধ্যে আমার আপন ননদের স্বামী আবু তালেব আছেন।’
প্রতিবেশী বাদশা মিয়া ও মরিয়ম বেগম বলেন, এমদাদুল হকের সঙ্গে আবু তালেবের দীর্ঘদিন ধরে জমি নিয়ে ঝগড়াবিবাদ চলে আসছে। এ নিয়ে এমদাদুলের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এ কারণে এমদাদুল পলাতক। এ সুযোগে কে বা কারা তাঁর স্ত্রীর গায়ে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়।
অ্যাসিড ছুড়ে মারার অভিযোগ অস্বীকার করে আবু তালেব বলেন, যেখানে কথিত অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে, সেখানকার বাড়িটি পরিত্যক্ত। বাগানে তো লিচু নেই, বাদুড় কী খাবে?
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শাকির আহমেদ বলেন, রাশেদার বাঁ দিকের বাহুসহ শরীরের কিছু অংশ ঝলসে গেছে।
গতকাল রোববার বেলা তিনটার দিকে জানতে চাইলে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, রংপুর মেডিকেলে যাওয়ার আগে ভুক্তভোগী গৃহবধূকে থানায় আনা হয়েছিল। তাঁদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।