কুড়িগ্রামে গ্রিল কেটে ১৪ লাখ টাকা চুরি
কুড়িগ্রাম শহরের দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে গত শনিবার গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা গ্রিল ও ঝাঁপ (শাটার) কেটে ভেতরে ঢোকে এবং সিন্দুক ভেঙে প্রায় ১৪ লাখ টাকা নিয়ে যায়।পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে তিনটার দিকে শহরের মোল্লাপাড়ায় ইউনিলিভারের জেলা পরিবেশক মেসার্স নাসির অ্যান্ড কোম্পানির জানালার গ্রিল কেটে চোর ঢোকে। এরপর ঘরের ঝাঁপ কেটে ভেতরে ঢুকে লোহার সিন্দুক ভেঙে ১৩ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে নেয়। চুরির সময় প্রতিষ্ঠানের তিন কর্মচারী মিঠু মিয়া, মোবারক ও ভূপেন সরকার পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন। চোরেরা তাঁদের ঘরের দরজায় বাইরে থেকে ছিটকানি দিয়ে রাখে।একই রাতে নছর উদ্দিন মার্কেট-সংলগ্ন টাউন ফার্মেসিতে চোর হানা দিয়ে ঝাঁপ ভেঙে ২৭ হাজার টাকা নিয়ে যায়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাহারুল ইসলাম জানান, দুটি ঘটনায় সদর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ চোর ধরতে তত্পরতা শুরু করেছে।