কুড়িগ্রামে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ১৫
কুড়িগ্রামের কলেজ রোডে শনিবার ছাত্রলীগ ও যুবদল-ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাজুল ইসলামসহ দুই পক্ষের ১৫ জন আহত হন। এ ঘটনায় ছাত্রলীগের কর্মীরা বিএনপির জেলা কার্যালয় এবং দুই নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন।গুরুতর আহত ব্যক্তিদের মধ্যে আছেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কাজী আনিছুল বারি, হলোখানা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মমিনুল ইসলাম, যুবদল নেতা মিনহাজুল হক, গাফ্ফার, খলিল বাবু, বিদ্যুৎ ও ছাত্রদলের কর্মী মিজানুর।এদিকে ওই ঘটনায় জেলা ছাত্রলীগ গতকাল রোববার সকালে শহরে মিছিল ও সমাবেশ করেছে। স্থানীয় লোকজন জানান, শনিবার রাত আটটার দিকে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা কলেজ মোড়ে এলে সেখানে ছাত্রলীগের কর্মীদের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে তাঁদের কথা-কাটাকাটি হয়। পরে দুই পক্ষে সংঘর্ষ শুরু হয় এবং তা ছড়িয়ে পড়ে। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাজুল ইসলামের ওপর হামলা করা হয়। ছাত্রলীগ কর্মীরা পরে জেলা বিএনপির কার্যালয়, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদের ঘর এবং যুবদল নেতা গাফ্ফারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। জেলা ছাত্রলীগ নেতা মমিনুর রহমান বলেন, যুবদল-ছাত্রদলের নেতা-কর্মীরা রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করতে ছাত্রলীগ সভাপতির ওপর হামলা চালিয়েছেন। জেলা ছাত্রদলের নেতা মামুন বলেন, হামলার সঙ্গে ছাত্রদলের কেউ জড়িত ছিলেন না। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, এ ঘটনায় জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক একটি মামলা করেছেন।