কুড়িগ্রামে ছাত্রী ও দিনাজপুরে শিশু অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম রাজারহাটে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী (১৩) ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় এক ছেলেশিশুকে (৫) অপহরণ করা হয়েছে। ছাত্রী অপহরণের অভিযোগে জোসনা বেগম (৪৫) নামের এক নারী ও শিশু অপহরণের অভিযোগে বাবু নামের একজন ও তাঁর ভাই হাসানকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের সোনাবর (আমতলী) গ্রামের এক মেয়ের মাধ্যমে ডেকে নিয়ে ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরিবার খোঁজাখুঁজির পর জানতে পারে, মেয়েটিকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। মেয়ের মা ওই দিন বাদী হয়ে রাজারহাট থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার এলাকার লোকজন মেয়েটিকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ করে। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর (দিকপাড়া) গ্রাম থেকে রোববার সকাল নয়টার দিকে এক শিশুকে অপহরণ করা হয়েছে। পরে এক চিঠিতে ৭০ হাজার টাকা দাবি করা হয়। শিশুর বাবা হাফিজুর রহমান বাদী হয়ে ওই দিনই নবাবগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেন। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল হক বলেন, ইকবাল অপহরণের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।