কুড়িগ্রামে ছয় দিনেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে ১৩ এপ্রিলের পর গত ছয় দিনেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হয়নি। জেলার অধিকাংশ এলাকা এখনো অন্ধকারে। ফলে শহরে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। চার্জ না থাকায় বিকল হয়ে পড়েছে হাজার হাজার মোবাইল ফোনসেট। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তারা বলছেন, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হতে আরও দুই-তিন দিন সময় লাগবে।স্থানীয় সূত্রে জানা গেছে, ১৩ এপ্রিল রাত সাড়ে ১১টা ও রাত দেড়টায় দুই দফায় কুড়িগ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ৫০টি ইউনিয়নের পাঁচ শতাধিক গ্রামের প্রায় ২০ হাজার ঘরবাড়ি, দুই হাজার হেক্টর জমির ফসল ও বিপুলসংখ্যক গাছপালা বিধ্বস্ত হয়েছে। এ সময় পিডিবি ও পবিসের সরবরাহ লাইনের টাওয়ার ও পোল বিধ্বস্ত এবং তার ছিন্নভিন্ন হয়ে গেছে। ফলে বন্ধ হয়ে যায় জেলা শহর, উলিপুর, চিলমারী, রাজারহাট, ফুলবাড়ী, নাগেশ্বরী, ভূরুঙ্গামারী শহরসহ প্রত্যন্ত অঞ্চলের অধিকাংশ এলাকার বিদ্যুৎ সরবরাহ। কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হলেও লো-ভোল্টেজ এবং ঘন ঘন লোডশেডিংয়ে বিদ্যুৎচালিত সরঞ্জামাদি বিকল হচ্ছে। সঠিকভাবে সরবরাহ লাইন পরীক্ষা না করে বিদ্যুৎ সরবরাহ করায় ১১ হাজার কেভি সঞ্চালন লাইন ছিঁড়ে পড়ে জুলেখা খাতুন (৫৫) ও তাঁর মেয়ে রুবী খাতুন (২৫) গত শনিবার মারা গেছেন।পিডিবির কুড়িগ্রাম আবাসিক প্রকৌশলী রুবেল আহমেদ জানান, ঝড়ে কুড়িগ্রাম শহর ও আশপাশের এলাকায় ২৫টি পোল ভেঙে গেছে, ১০০টি পোল পড়ে গেছে ও বিচ্ছিন্নভাবে চার কিলোমিটার সরবরাহ লাইনের তার ছিন্নভিন্ন হয়ে গেছে। ইতিমধ্যে ৭০ শতাংশ লাইন সংস্কার করে বিদ্যুৎ সরবরাহ পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ চালু করতে আরও দুই-তিন দিন সময় লাগবে।কুড়িগ্রাম-লালমনিরহাট পবিসের মহাব্যবস্থাপক মুহাম্মদ মনজুর উর রশীদ জানান, ঝড়ে ৩৩ কেভি সরবরাহ লাইনের ১৮টি টাওয়ার ভেঙে গেছে ও দুটি পোল পড়ে গেছে। এ ছাড়া ১১ কেভি লাইনের ২৫টি পোল ভেঙে গেছে। বিচ্ছিন্নভাবে পাঁচ শতাধিক স্পটে সরবরাহ লাইনের তার ছিন্নভিন্ন হয়ে গেছে। ইতিমধ্যে প্রায় ৫০ শতাংশ াহকের বিদ্যুৎ সরবরাহ সচল করা হয়েছে। পুরোপুরি সরবরাহ চালু করতে আরও তিন-চার দিন সময় লাগবে।