কুড়িগ্রামে জঙ্গি, সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
জঙ্গি, সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় কুড়িগ্রাম সরকারি কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশিং সমন্বয় কমিটির উদ্যোগে সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তবারক উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশিং সমন্বয় কমিটি আহ্বায়ক সফি খান ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু।
ওই সমাবেশে সভাপতিত্ব করেন ওই কলেজের অধ্যক্ষ সাবিহা খাতুন। বক্তব্য দেন মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মো. নাসির উদ্দিন, আবু জোবায়ের আল মুকুল, শিক্ষক কাজী সফিক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবদুর সোবহান।
সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ব্যাহত করতে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির দেশে জঙ্গি হামলা করছে। ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। ইসলাম শান্তির ধর্ম ও মানবতার ধর্ম। পরে শিক্ষার্থীরা নিজেদের জঙ্গি, সন্ত্রাসী কর্মকাণ্ডে না জড়াতে ও মাদক গ্রহণ না করার অঙ্গীকার করে।