কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়িতে জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল মঙ্গলবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আবু বকর সিদ্দিক (৪০) নামের এক ব্যক্তি নিহত এবং ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুড়াবুড়ি ফকিরপাড়া গ্রামের ২৪ শতক জমি নিয়ে আবু বক্কর ও শহিদুর রহমান পক্ষের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ২১ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে আবু বক্কর সিদ্দিক সকাল সাড়ে নয়টার দিকে কুড়িগ্রাম সদর হাসপাতালে মারা যান। উলিপুর থানার ডিউটি অফিসার ফরিদুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শহিদুর রহমান, তাঁর দুই ছেলে ফকরুল ইসলাম, মাইদুল ইসলাম ও পুত্রবধূ মনোয়ারা বেগমকে আটক করা হয়েছে।