কুড়িগ্রামে জমে উঠেছে ভাষার উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিথিদের কাছে প্রশ্ন করছেন এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগে অংশ নেওয়া এক শিক্ষার্থী। ছবিটি আজ শনিবার কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
অতিথিদের কাছে প্রশ্ন করছেন এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগে অংশ নেওয়া এক শিক্ষার্থী। ছবিটি আজ শনিবার কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

কুড়িগ্রামে আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ। কুড়িগ্রাম সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সকালে এ প্রতিযোগিতা শুরু হয়েছে। এখন চলছে বিভিন্ন পর্ব।

রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধার এক হাজার ২০০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে জমে উঠেছে ভাষার এই উৎসব। এইচএসবিসি-প্রথম আলো যৌথভাবে এ ভাষা প্রতিযোগের আয়োজন করেছে।

সকাল সাড়ে নয়টায় আনুষ্ঠানিকভাবে ভাষা প্রতিযোগ শুরু হয়। শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন কুড়িগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খালেদ সিদ্দিকী। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করেন কুড়িগ্রাম বন্ধুসভার সদস্যরা। পরে ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মো. দানীউল হক।

পতাকা উত্তোলনের পর সকাল ১০টায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। আধা ঘণ্টা চলে পরীক্ষা। বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। বেলা ১১টার দিকে শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিরা। প্রশ্নোত্তর পর্বের শুরুতে প্রথম আলো চর বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি নাটিকা প্রদর্শন করে। পরে বেলা সোয়া একটার দিকে শুরু হয় অতিথিদের বক্তব্য।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক রাজীব মণ্ডল, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তুহিন ওয়াদুদ, কুড়িগ্রাম মহিলা পরিষদের সভাপতি নন্দিতা চক্রবর্তী, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি মো. শাহাবুদ্দিন, কুড়িগ্রাম বন্ধুসভার সভাপতি মোখলেছুর রহমান ও প্রথম আলোর কুড়িগ্রামের নিজস্ব প্রতিবেদক শফি খান।

বেলা তিনটায় ভাষা প্রতিযোগে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে ভাষা প্রতিযোগ অনুষ্ঠান।