কুড়িগ্রামে জাপার প্রার্থীর ওপর হামলা, অফিস ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম শহরে আজ রোববার সকালে জাতীয় পার্টির প্রার্থী তাজুল ইসলাম চৌধুরী ও এক কর্মীর ওপর স্থানীয় ১৮ দলের কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে শহরের কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় একটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। পরে শহরের সবুজপাড়া এলাকায় জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে তারা সেখান থেকে পালিয়ে যায়।

তাজুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, ‘এক অসুস্থ কর্মীকে দেখার জন্য সকালে পুরাতন স্টেশন এলাকায় যাচ্ছিলাম। এ সময় কালীবাড়ি এলাকায় ১৮ দলের মিছিল থেকে হামলা চালানো হয়। এ সময় সঙ্গে থাকা কর্মী আজিজুল ইসলামকে ব্যাপক মারধর করেন ১৮ দলের কর্মীরা।’

এ ঘটনাকে কেন্দ্র করে কুড়িগ্রাম শহরে উত্তেজনা বিরাজ করছে। তাজুল ইসলামের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন জানান, জাতীয় পার্টির কার্যালয় ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ওসি আরও বলেন, ‘তাজুল ইসলামের পক্ষ থেকে লিখিতভাবে অভিযোগ জানানো হলে আমরা মামলার প্রস্তুতি নেব।’

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, ‘মিছিলের পেছন থেকে কে বা কারা তাজুল চৌধুরী ও তাঁর মোটরসাইকেল ভাঙচুর করেছে তা আমরা বলতে পারব না। জাতীয় পার্টির অফিসে কারা হামলা বা ভাঙচুর করেছে তা-ও জানি না।’

তবে জাতীয় পার্টির প্রার্থী তাজুল ইসলাম দাবি করেছেন, কায়কোবাদের হুকুমেই জাতীয় পার্টির অফিসে হামলা ও ভাঙচুর করা হয়েছে।