কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, কষ্টে গরিব মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে তীব্র শীত পড়েছে। ঠান্ডা থেকে নিজের গরুটি রক্ষার চেষ্টা করছেন এক বৃদ্ধা। সদর উপজেলার চর ভেলাকোপা থেকে গত মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় তোলা ছবি l প্রথম আলো
কুড়িগ্রামে তীব্র শীত পড়েছে। ঠান্ডা থেকে নিজের গরুটি রক্ষার চেষ্টা করছেন এক বৃদ্ধা। সদর উপজেলার চর ভেলাকোপা থেকে গত মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় তোলা ছবি l প্রথম আলো

কুড়িগ্রামে শীত জেঁকে বসেছে। কুয়াশার কারণে রোদের তাপ তেমন নেই। প্রতিদিন তাপমাত্রা কমছে। গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছে গরিব মানুষ।
রংপুর আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, ২০ নভেম্বর জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াস, ২১ নভেম্বর সর্বোচ্চ ২৩ ও সর্বনিম্ন ১৭ ডিগ্রি, ২২ নভেম্বর সর্বোচ্চ ২৩ ও সর্বনিম্ন ১৬ ডিগ্রি, ২৩ নভেম্বর সর্বোচ্চ ২৩ ও সর্বনিম্ন ১৫ ডিগ্রি, ২৪ নভেম্বর সর্বোচ্চ ১৯ ও সর্বনিম্ন ১৪ ডিগ্রি, ২৫ নভেম্বর সর্বোচ্চ ১৮ ও সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার সর্বোচ্চ ১৯ ও সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।
মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত কুয়াশা ছিল। এরপর রোদ উঠলেও তেমন তাপ ছিল না। সকাল সাড়ে সাতটায় সদর উপজেলার চর ভেলাকোপায় গিয়ে দেখা যায়, চারদিক কুয়াশায় ঢাকা। সড়কে লোক চলাচল নেই বললেই চলে। এর কিছুক্ষণ পর বিভিন্ন স্থানে খড়কুটো জ্বালিয়ে অনেককে তাপ নিতে দেখা যায়। প্রতিটি বাড়িতে গবাদিপশুর শরীর চট দিয়ে ঢাকা।
নছিমন বেওয়া জানান, সন্ধ্যার পর বাড়ি থেকে বের হওয়া যায় না। টপটপ করে বৃষ্টির মতো কুয়াশা পড়ে। বাতাসও হয়। কাঁথা গায়ে দিয়ে থাকেন তাঁরা। কিন্তু তাতে শীত মানে না।
দিনমজুর আবদুস ছাত্তার ও মোখলেছ আলী বলেন, ‘বন্যায় ফসল গেইছে। এ্যালা শীতের কষ্ট। গরম কাপড়ের অভাবে রাইতে ঘুম ধরে না।’
মশালের চরের দিনমজুর জালাল শেখ (৬১) বলেন, ‘এ সময় চরত কাম নাই। ঠিকমতো খাবার জোটে না। কম্বল কিনম কী দিয়া। রাইতোত হুহু করি ঘড়ত বাতাস ঢোকে।’
সরকারি ও বেসরকারি সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে ১৬টি নদ-নদী প্রবাহিত হচ্ছে। এসব নদ-নদীর মধ্যবর্তী চর ৪২০টি। চরে পরিবারের সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। চরের বাসিন্দাদের অধিকাংশই দিনমজুর।
কুড়িগ্রাম জেলা ত্রাণ দপ্তর সূত্রে জানা যায়, এ পর্যন্ত আট হাজার ২৪০টি কম্বল এসেছে। এগুলো বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক এ বি এম আজাদ জানান, আরও কম্বল চেয়ে বার্তা পাঠানো হয়েছে।