কুড়িগ্রামে ডিজিটাল উদ্ভাবনী মেলা

কুড়িগ্রামের সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে গতকাল শুক্রবার বিকেল থেকে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। উদ্বোধন করেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আব্দুল মজিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম, সিভিল সার্জন আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক রোখসানা পারভীন প্রমুখ।
জেলা প্রশাসনের উদ্যোগে ও সরকারের এটুআই (অ্যাকসেস টু ইনফরমেশন) প্রোগ্রামের সহায়তায় এ ডিজিটাল মেলা রোববার পর্যন্ত চলবে। চারটি প্যাভিলিয়নে ৪০টি স্টলে প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ডিজিটাল মেলার প্রদর্শনী চলবে। মেলায় প্রতিদিন সন্ধ্যায় ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা ও প্রশ্নোত্তর পর্বসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেলায় অংশগ্রহণকারী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে ৯টি ক্যাটাগরিতে ১৪ জনকে পুরস্কৃত করা হবে।
জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন বলেন, মেলা সফল ও সার্থক করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।